মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শিরোনাম

শর্ত পূরণ না হলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়, ফিলিস্তিনকে সৌদির আশ্বাস

মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫

প্রিন্ট করুন

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বশর্ত পূরণ না হওয়া পর্যন্ত দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না—এমন প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঘনিষ্ঠ এক কর্মকর্তা সোমবার (১৭ নভেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল-কে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রিয়াদের অভ্যন্তরীণ বৈঠকে ফিলিস্তিন অথরিটিকে সৌদি আরব আশ্বস্ত করেছে যে তারা ফিলিস্তিনিদের স্বার্থ পিছনে ফেলে কোনো সিদ্ধান্ত নেবে না। সৌদির অবস্থান হলো—১৯৬৭ সালের সীমানা ভিত্তিক স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমেই ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়া এগোতে পারে।

ওই কর্মকর্তা বলেন, ‘সৌদি আমাদের স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা ফিলিস্তিনিকে ফেলে যাবে না। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রশ্নই আসে না।’

এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ধারণা করা হচ্ছে, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনে ওয়াশিংটন রিয়াদের ওপর চাপ বাড়াবে।

ফিলিস্তিনি কর্মকর্তা জানান, তারা সৌদি আরবের প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখেছেন এবং মনে করেন না যে রিয়াদ হঠাৎ করে অবস্থান পরিবর্তন করবে। যদিও ২০২০ সালে আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় চার আরব দেশ ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল।

গাজায় হামাসের নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, ফিলিস্তিন অথরিটি কিংবা আরব লীগের পক্ষ থেকে হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছে; তবে হামাস ইতিমধ্যে এ দাবি প্রত্যাখ্যান করেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন