সিএন প্রতিবেদন: নিউইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনের দুই মাস আগে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি তহবিল সংগ্রহে নতুন রেকর্ড গড়েছেন। তার নির্বাচনী প্রচারণা শিবির জানিয়েছে, নির্বাচনের জন্য নির্ধারিত সর্বোচ্চ সীমা ৮০ লাখ ডলার সংগ্রহের সীমা স্পর্শ করেছে।
শুক্রবার সকালে প্রকাশিত একটি ভিডিওবার্তায় মামদানি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা আর কোনো অর্থ গ্রহণ করতে পারব না। যদি সাহায্য করতে চান, তবে অর্থ নয়, সময় দিন। প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত হোন।”
ছোট অঙ্কের দাতাদের কাছ থেকে ব্যাপক সমর্থন পাওয়া মামদানি নিউইয়র্কে তরুণ ভোটার, অভিবাসী সম্প্রদায় ও প্রগতিশীল ডেমোক্র্যাটদের মধ্যে জনপ্রিয়তা বাড়াচ্ছেন। তার প্রচারণা শিবির বলছে, সামান্য অনুদানও তিনি প্রচারণার শক্তিশালী ভিত্তি হিসেবে কাজে লাগাচ্ছেন।
তবে প্রতিদ্বন্দ্বীদের পক্ষে গঠিত সুপার প্যাকগুলো (স্বতন্ত্র তহবিল সংগ্রাহক কমিটি) আরও লাখ লাখ ডলার ব্যয় করতে পারে। এ ধরনের প্রচারণা মামদানির জন্য চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াতে পারে।
মুখ্য প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু এম. কুয়োমো স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। তার তহবিলে এখন পর্যন্ত রয়েছে প্রায় ১৫ লাখ ডলার। ফলে শেষ মুহূর্তের প্রচারণায় অর্থ সংগ্রহে ব্যস্ত থাকতে হবে তাকে। অন্যান্য প্রতিদ্বন্দ্বীও রয়েছেন, তবে জনমত জরিপে তারা মামদানির তুলনায় অনেক পিছিয়ে।
সাম্প্রতিক জরিপে দেখা গেছে, মামদানি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন। তবে বিশ্লেষকদের মতে, শেষ মুহূর্তের প্রচারণা ও সুপার প্যাকের প্রভাব পরিস্থিতি বদলাতে পারে।
নিউইয়র্ক সিটিতে ভোটের আগে তুমুল প্রচারণা শুরু হয়েছে। জনসভা, টাউন হল বৈঠক থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—প্রতিটি ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের পাল্টাপাল্টি বার্তা চলছে। নির্বাচন নির্ধারণ করবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শহরের নেতৃত্ব কার হাতে যাবে।


চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন