শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

অন্য রকম ভালবাসার আয়োজন লিভার কেয়ার গ্রুপের

মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৫, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: সোমবার (১৪ ফেব্রুয়ারি) সমাজের তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীকে সাথে নিয়ে অন্য রকম ভালবাসার আয়োজন করেছে লিভার কেয়ার গ্রুপ। ধারাবাহিকভাবে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির মাঝে বিনামূল্যে হেপাটাইটিস বি, সি নির্ণয় ও ‘হেপাটাইটিস বি’ টীকাদান কার্যক্রম পরিচালনা করে আসছে লিভার কেয়ার গ্রুপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) কর্তৃক স্বীকৃত ল্যাব গাইড লাইন আইএসও ১৫১৮৯ অ্যাক্রিডিটেড চট্টগ্রামের একমাত্র ল্যাব এপিক হেলথ কেয়ার শুরু থেকেই ওই আয়োজনে কারিগরি সহায়তা দিয়ে আসছে।

এবারের ষষ্ঠ ও শেষ আয়োজনে ৮০ জনসহ মোট তিন শতাধিক তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠিকে বিনামুল্যে স্ক্রিনিং ও মোট ২৫৫ জনকে ‘হেপাটাইটিস বি’ টিকার আওতায় আনা হয়েছে।

লিভার কেয়ার গ্রুপের সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) হেপাটোলজি বিভাগের সহকারি অধ্যাপক ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘ভাইরাল হেপাটাইটিস বর্তমান বিশ্বের একটি অন্যতম জনস্বাস্থ্য সমস্যা। দুঃখজনক হল, আক্রান্ত প্রতি দশ জনের নয় জনই নিজের শরীরে এ রোগের উপস্থিতি সম্পর্কে জানেন না। লিভার কেয়ার গ্রুপ হেপাটাইটিস নিয়ে সমাজের সর্বস্তরে সচেতনতা ও প্রতিরোধমূলক কর্মসূচি আয়োজন করে থাকে। আমরা চাই, সমাজের কোন শ্রেণির মানুষ যেন তার স্বাস্থ্য সেবা অধিকার থেকে বঞ্চিত না হয়।’

এপিক হেলথ কেয়ারের ডিরেক্টর অপারেশন্স এন্ড সিওও ডাক্তার মো. এনামূল হক নাদিম বলেন, ‘আমরা এ ব্যতিক্রমি উদ্যোগের গর্বিত সহযোগী ও এপিক হেলথ কেয়ার সব সময় ব্যাতিক্রমি যে কোন আয়োজনে পাশে থাকবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ারের অপারেশন্স ম্যানেজার ডাক্তার হামিদ হোছাইন আজাদ, করপোরেট বিজনেস বিভাগের এসিস্ট্যান্ট ম্যানেজার জহির রায়হান, সমাজ সেবক মোমিনুল আলম শাহীন, মো. রবিউল।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন