ঢাকা: করোনা ভাইরাস পরীক্ষার জালিয়াতিতে ধরা রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধভাবে সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত।
রোববার (১৭ এপ্রিল) ঢাকার দশ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
অবৈধভাবে এক কোটি ৬৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলাটির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। এ মামলায় আগামী ২০ মে সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করেন বিচারক।
অভিযোগ গঠনের সময় সাহেদ এজলাসের কাঠগড়ায় ঠায় দাঁড়িয়ে ছিলেন। এ দিন নিয়ম অনুযায়ী আদালত অভিযোগ পড়ে শোনালে সাহেদ নিজেকে নির্দোষ দাবি করেন। সাহেদের পক্ষে জামিন আবেদন করা হলে বিচারক তা নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন।
২০২১ সালের ১ মার্চ দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী বাদী হয়ে কমিশনের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ সাহেদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগ পত্র জমা দেয় দুদক।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর করোনা রোগীদের চিকিৎসায় ২০২০ সালের ২১ মার্চ রিজেন্ট হাসপাতালের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তি হয়। তবে করোনাভাইরাসের পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দেয়া, সরকারের কাছে বিল দেয়ার পর রোগীর কাছ থেকেও অর্থ নেয়াসহ নানা অনিয়মের অভিযোগের মধ্যে ওই বছরের ৭ ও ৮ জুলাই অভিযান চালিয়ে রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখা বন্ধ করে দেয় র্যাব।
এক পর্যায়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা থেকে সাহেদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রতারণা ও অনিয়মের নানা অভিযোগ তখন সামনে আসতে থাকে। পরবর্তী সারা দেশে তার বিরুদ্ধে ৩৬টির বেশি মামলা দায়ের হয়।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন