রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

অভ্যন্তরীণ সন্ত্রাসে নাকাল যুক্তরাষ্ট্র

শুক্রবার, মে ২৭, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: অভ্যন্তরীণ সন্ত্রাসে এখন নাকাল যুক্তরাষ্ট্র। এ বছর এ পর্যন্ত ২১২টি গুলির ঘটনা ঘটেছে। যেখানে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ। এমন হত্যাযজ্ঞ বন্ধে এখনই অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কার করার ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, ‘আইন কঠোর করে এর কঠিন ও কার্যকর প্রয়োগ দরকার।’

পুরো পৃথিবীতে যুক্তরাষ্ট্রের যে অবস্থান, বন্দুক হামলার ঘটনা তাতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ মে) ট্রেক্সাসের স্যান অ্যান্তোনিও’র ইউভালডি শহরে একটি প্রাথমিক বিদ্যালয়েএক তরুণের নির্বিচারে গুলিতে ১৯ শিশু শিক্ষার্থী ও দুই শিক্ষককে হত্যার ঘটনায় শুধু যুক্তরাষ্ট্র নয়, স্তম্ভিত পুরো পৃথিবী।

বুধবার (২৫ মে) পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র ব্রিফিংয়ে বলেন, ‘টেক্সাসের ঘটনা বিশ্বমঞ্চে আমেরিকার অবস্থানকে ক্ষুণ্ন করতে পারে।’ এ দিকে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘বন্দুক হামলা যুক্তরাষ্ট্রকে পঙ্গু করে দিয়েছে।’

বুধবার (২৫ মে) স্থানীয় সময় দুপুরে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট ওই হত্যাকাণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, স্কুলে ঢুকে হত্যাকাণ্ডের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পরিকল্পনা জানিয়ে পরপর তিনটি পোস্ট দিয়েছিল হামলাকারী।

গ্রেগ অ্যাবোট বলেন, ‘এ ঘটনায় সবাই স্তম্ভিত। হামলাকারী ফেসবুকে পোস্ট দিয়ে হামলা চালাতে গেছে। সেখানে সে তার দাদিকে গুলি করতে যাচ্ছে জানিয়ে প্রথম পোস্ট দেয়। এর পরের পোস্টে সে নিশ্চিত করে যে, তার দাদিকে সে গুলি করেছে। তৃতীয় পোস্টটি দেয় স্কুলে হামলা চালানোর ১৫ মিনিট আগে। সেখানে সে একটি প্রাইমারি স্কুলে বন্দুক হামলা চালাতে যাচ্ছে বলে জানায়।’

পুলিশ জানায়, হামলাকারী রামোস স্কুলের চতুর্থ শ্রেণির একটি ক্লাসে ঢুকে নির্বিচারে গুলি চালায়। হামলার আগে ওই শ্রেণিকক্ষে নিজেকে ব্যারিকেড দেয় বন্দুকধারী। হামলাকারী রামোসের দাদাকে জিজ্ঞেস করা হলে জানান, তার নাতি সম্পর্কে এমন কিছুই আগে টের পাননি তিনি। তার কাছে যে বন্দুক আছে, এ বিষয়টিও জানতেন না বলে জানান।

যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলায় বাড়ছে উদ্বেগ। টেক্সাসের এ ঘটনায় আতঙ্কে অন্য রাজ্যের গভর্ণররাও।

উল্লেখ্য, মঙ্গলবার (২৪ মে) স্থানীয় সময় দুপুরে টেক্সাসের স্যান অ্যান্টোনিও’র ইউভালডি শহরে স্কুলে ২১ জনকে হত্যার পর পুলিশের সাথে গুলি বিনিময়ের সময় ১৮ বছর বয়সী হামলাকারী সালভাদর রামোসও নিহত হয়।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন