ঢাকা: বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) আওতাধীন বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে বিজনেস কনটিনিউটি প্ল্যান (বিসিপি) চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং ডিভিশনের উদ্যোগে ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় একটি সমীক্ষা প্রতিবেদনের প্রাথমিক রিপোর্ট বিষয়ে বৃহস্পতিবার (৩ মার্চ) এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম প্রধান অতিথি এবং ইউএনডিপির আবাসিক আবসিক প্রতিনিধি সুদীপ্ত মুখাজী বিশেষ অতিথি উপস্থিত ছিলেন। এতে বেজার নির্বাহী সদস্য মোহাম্মদ ইরফান শরীফ সভাপতিত্ব করেন।
বিসিপির প্রাথমিক পর্যায়ে চট্টগ্রামের অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর ও নারায়ণগঞ্জে অবস্থিত মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে পাইলটিং করা হবে। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা, দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি কমিয়ে আনা, সাপ্লাই চেইন অব্যাহত রাখা ও দুর্যোগ পরবর্তী দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার লক্ষ্যে বিসিপি চালু করার উদ্যোগ নেয়া হয় এবং এ লক্ষ্যে এর আগে বেজা ও পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং ডিভিশনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় বিসিপির পাইলটিংয়ের জন্য বেজাকে সহযোগিতা করছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) ঢাকার একটি হোটেলে ইনসেপশন কর্মশালায় বিসিপি বিষয়ক কর্মকৌশল উপস্থাপন করা হয়। বুয়েটের অধ্যাপক রাকিব আহসান বিসিপি কর্মকৌশল উপস্থাপন করেন। এতে বক্তব্য দেন কার্যক্রম বিভাগের প্রধান খন্দকার আহসান হোসেন এবং এনআরপি প্রকল্পের প্রকল্প পরিচালক নুরুন নাহার।
কর্মশালায় সরকারী ও বেসরকারী খাতের ৫০ জন প্রতিনিধি অংশ নেন।
কর্মশালায় উল্লেখ করা হয়, ব্যাংকিং খাতসহ কয়েকটি সেক্টরে সীমিত পর্যায়ে বিজনেস কনটিনিউটি প্ল্যানের অনুশীলন থাকলেও বাংলাদেশে শিল্প খাতে এ ধরনের পরিকল্পনা এটাই প্রথম।
উল্লেখ্য, শ্রীলংকা ও থাইল্যান্ডসহ এশিয়ার কয়েকটি দেশে বিসিপি প্রচলন রয়েছে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন