চলমান ডেস্ক: দক্ষিণ আফ্রিকা ফেরত অস্ট্রেলিয়ার দুইজনের দেহে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। যাদের দুজনেই করোনার পূর্ণ ডোজ টিকা নিয়েছেন।
দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, শনিবার সন্ধ্যায় ওই দুই ব্যাক্তি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসে। পরে তাদের করোনা পরীক্ষা করলে রোববার রিপোর্ট পজেটিভ আসে।
দক্ষিণ আফ্রিকা ফেরত আরো ১২ জন যাত্রীকে হোটেল কোয়ারান্টাইন এবং ২৬০ জনকে আইসোলেশনে রাখা হয়েছে, জানান স্বাস্থ্য কর্মকর্তারা।
এইদিকে গতকাল শনিবার দক্ষিণ আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো, এসওয়াতিনি, দ্য সিকেলেস, মালাউয়িন এবং মোজাম্বিকে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেছেন, দক্ষিণ আফ্রিকার এই ৯ দেশ থেকে অস্ট্রেলিয়ার নাগরিকরা দেশে প্রবেশ করলে তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
অস্ট্রেলিয়ার সঙ্গে ট্রাভেল বাবল চালু রয়েছে এমন দেশগুলোর আন্তর্জাতিক শিক্ষার্থী এবং দক্ষ কর্মী যারা দেশটিতে প্রবেশের ১৪ দিন আগে ওই ৯ দেশে সফর করছেন তাদের ক্ষেত্রেও এই বিধিনিষেধ জারি হবে।
তিনি বলেন, যদি চিকিৎসা ব্যবস্থা এটা প্রমাণ করে যে আরও পদক্ষেপের প্রয়োজন তবে আমরা সে ধরনের কার্যক্রম গ্রহণে কোনো দ্বিধা করবো না। এর আওতায় বিধিনিষেধ আরও জোরদার বা প্রসারিত করার বিষয়টিও থাকতে পারে বলে উল্লেখ করেন তিনি।
যারা এরই মধ্যে অস্ট্রেলিয়ায় প্রবেশ করেছেন বা যারা গত ১৪ দিনের মধ্যে এই ৯টি দেশে প্রবেশ করেছেন তাদের অবশ্যই তাৎক্ষনিকভাবে আইসোলেশনে থাকতে হবে বা করোনা পরীক্ষা করাতে হবে।
গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে প্রথম বি.১.১.৫২৯, করোনার নতুন ধরন শনাক্তের খবর আসে। নতুন ধরন ওমিক্রনের নমুনা সংগ্রহ করা হয় গত ৯ নভেম্বর। এরপর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ২২ জন এই নতুন ধরনে আক্রান্ত বলে নিশ্চিত করে।
এদিকে, যুক্তরাজ্যসহ ইউরোপের আরও কয়েকটি দেশে এবার করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানা গেছে। নতুন করে ওমিক্রনের সংক্রমণের তালিকায় যুক্ত হয়েছে জার্মানি ও ইতালি। এর আগে, দক্ষিণ আফ্রিকার পর ইসরায়েল, হংকং ও বতসোয়ানায় এই নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়। এবার এই ভ্যারিয়েন্ট ধরা পড়লো অস্ট্রেলিয়ায়।
আইআই/



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন