ঢাকা: ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) ‘আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড’ নামে একটি ক্লোজড-এন্ড মিউচুয়াল ফান্ড গঠন করেছে। ফান্ড গঠনের সাথে জড়িত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে অংশীদারিত্বের মাধ্যমে সিএমএসএফ এই ক্লোজড-এন্ড মিউচুয়াল ফান্ডটির কার্যক্রম চালু করতে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করছে। গত ৩১ মার্চ সিএমএসএফ ফান্ডের ট্রাস্ট ডিড ও বিনিয়োগ ব্যবস্থাপনা চুক্তির বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন পেয়েছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (১১ এপ্রিল) সকালে একটি ট্রাস্ট ডিড সই অনুষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
‘আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড’ এর স্পন্সর হল ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড ও সম্পদ ব্যবস্থাপক হিসেবে আছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এ ছাড়া ফান্ডটির কাস্টোডিয়ান হিসেবে ব্র্যাক ব্যাংক লিমিটেড ও ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানিকে নিয়োগ দেয়া হয়েছে।
সিএমএসএফের চিফ অব অপারেশন মো. মনোয়ার হোসেন এবং আইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা এটিএম আহমেদুর রহমান এএমসিএলের তত্বাবধানে ট্রাস্ট ডিড সই অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে।
এ ফান্ডের আকার ১০০ কোটি টাকা, যার ইউনিট প্রতি অভিহিত মূল্য দাম টাকা। সিএমএসএফ স্পন্সর হিসেবে ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে, যা মোট বিনিয়োগের ৫০ শতাংশ।
অনুষ্ঠানে সিএমএসএফের গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড কমিটির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ তারেক বলেন, ‘এ ফান্ড গঠন বিএসইসি এবং সিএমএসএফের একটি সময়োপযোগী উদ্যোগ, যা সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে বিনিয়োগের মাধ্যমে পুঁজিবাজারে স্থিতিশীলতা আনবে।
আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন এ ফান্ডে শতভাগ সাবস্ক্রিপশন হবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এ ফান্ডটির কার্যক্রম সফল হলে পুঁজিবাজারে ক্লোজড-এন্ড মিউচুয়াল ফান্ড নিয়ে বিনিয়োগকারিদের ভীতি দূর হবে।’
সিএমএসএফের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের খ্যাতি ও অভিজ্ঞতার সম্মিলিত প্রয়াসে ফান্ডটি সফলতার দিকে এগিয়ে যাবে এবং পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তন আনার মাধ্যমে বিনিয়োগকারিদের আস্থা বাড়াবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।
মো. মনোয়ার হোসেন মিউচুয়াল ফান্ডটির ব্যাপারে বলেন, ‘এ ফান্ড পুঁজিবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ তিনি ফান্ডের সাথে সংশ্লিষ্ট সংস্থাগুলোর একযোগে কাজ করার প্রতি গুরুত্তারোপ করেন।
মো. নজিবুর রহমান মিউচুয়াল ফান্ডটির বিনিয়োগ বান্ধব অবকাঠামো তৈরির সম্ভাবনার উপর দৃঢ় বিশ্বাস ও আশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘পুঁজিবাজারের গুণগত মান উন্নয়নে এটি কমিশনের একটি প্রশংসনীয় উদ্যোগ।’
বাংলাদেশের গৌরবময় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে গঠিত এ ফান্ডটি শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ‘বিএসইসি এবং সিএমএসএফ এই তহবিলটি গঠনের মাধ্যমে দেশের সেরা প্রতিষ্ঠানগুলোর সুসমন্বয় ঘটিয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য অবারিত সুযোগ ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এ তহবিল ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করবে ও মিউচুয়াল ফান্ডের রোল মডেল হিসেবে কাজ করবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিআইসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পরিচালক আহমেদ সাইফুদ্দিন চৌধুরী মিন্টু।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন