ঢাকা: চলতি ২০২১-২২ অর্থ বছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ছয় দশমিক চার শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক। করোনা ভাইরাস সংকটে বাংলাদেশের অর্থনীতি কিছুটা বাধাগ্রস্ত হলেও পোশাক রপ্তানি ভাল ছিল। ইউরোপসহ অন্যান্য বাজারে পোশাক রপ্তানির অংশীদারিত্ব ধরে রাখা সম্ভব হলে চলতি অর্থ বছরে কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব। আর এ ধারা অব্যাহত থাকলে পরবর্তী ২০২২-২৩ অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি দাঁড়াবে ছয় দশমিক সাত শতাংশে।
‘সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস স্প্রিং ২০২২’ প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এমন পূর্বাভাস তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রবৃদ্ধি সম্পর্কে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান অর্থনীতিবিদ হ্যান্স টিমার বলেন, ‘বাংলাদেশ সঠিক পথে আছে। শক্তিশালী প্রবৃদ্ধির পথে হাঁটছে বাংলাদেশ। করোনা সংকট থেকে বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার দ্রুত ঘটছে। তবে আন্তর্জাতিক বাজারে নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ায়, মূল্যস্ফীতির চাপ তৈরি হচ্ছে।’
বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, ‘আগামীতে মূল্যস্ফীতির নিবিড় পর্যবেক্ষণ দরকার হবে। ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়তে পারে দেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে। তবে বিশ্ব ব্যাংক বাংলাদেশে কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে সহযোগিতা করে যাবে, যাতে পুনরুদ্ধার আরো সহজ হয়।’
গত ৬ এপ্রিল প্রকাশিত ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০২২’ এ এশীয় উন্নয়ন ব্যাংক পূর্বাভাস দিয়েছে, চলতি অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ছয় দশমিক নয় শতাংশ হতে পারে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন