শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

আগামী তিন মাসে নির্বাচন সম্ভব নয়: পাকিস্তান নির্বাচন কমিশন

মঙ্গলবার, এপ্রিল ৫, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক : আইনি বাধা এবং প্রক্রিয়াগত চ্যালেঞ্জগুলো কারণ হিসেবে উল্লেখ করে তিন মাসের মধ্যে সাধারণ নির্বাচন পরিচালনা করতে অপারগতা প্রকাশ করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।
ইসিপির জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, সাধারণ নির্বাচনের প্রস্তুতির জন্য প্রায় ছয় মাস লাগবে। তিনি বলেছেন, খাইবার পাখতুনখাওয়ায় ২৬তম সংশোধনীর অধীনে আসনসংখ্যা বাড়ানো হয়েছে। বিভিন্ন জেলা এবং নির্বাচনী এলাকাভিত্তিক ভোটার তালিকা সামঞ্জস্যপূর্ণ করাটাও বড় ধরনের চ্যালেঞ্জ।

পাকিস্তানের নির্বাচনী আইনে পানির চিহ্ন সম্বলিত ব্যালট পেপার ব্যবহারের কথা বলা হয়েছে। যা দেশটিতে পাওয়া যায় না। ইসিপির ওই কর্মকর্তা আরো বলেন, পানির চিহ্ন সম্বলিত ব্যালট পেপার আমদানি করতে হবে। অপরদিকে, এ পদ্ধতির পরিবর্তে নিরাপত্তা বৈশিষ্ট্যসহ ব্যালট পেপার প্রদানের জন্য আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে। তার জন্যও অপেক্ষা করতে হবে। এ ছাড়া অঞ্চলভেদে বিভিন্ন চ্যালেঞ্জ তো রয়েছেই।

আগামী ২৯ মে বেলুচিস্তানে স্থানীয় সরকার (এলজি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাঞ্জাব, সিন্ধু ও ইসলামাবাদে এলজি নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া চলছে। সাধারণ নির্বাচন করতে হলে এসব নির্বাচন বাতিল করে দিতে হবে। যাতে ব্যাপক অর্থের ক্ষতির পাশাপাশি সময়ের অপচয় হবে।

পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক অগ্রগতি এবং পরবর্তী সাংবিধানিক সংকটের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশিটর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন নেটওয়ার্ক (ফাফেন)। সংগঠনটি বলছে, আগাম নির্বাচন পরিচালনার জন্য একাধিক সাংবিধানিক, আইনগত ও কার্যকরী চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচন করাও সময় সাপেক্ষ ব্যাপার। অর্থাৎ সার্বিক দিক থেকেই আগামী তিন মাসের মধ্যে পাকিস্তানের নির্বাচন সম্ভব নয়; তা-ই প্রতীয়মান হচ্ছে।

পাকিস্তানের নির্বাচন কমিশন এর আগে অবশ্য ‘ওয়াটার মার্ক’-এর পরিবর্তে অন্য ব্যালট পেপার প্রদানের জন্য আইন সংশোধনের প্রস্তাবও করেছে। এ ছাড়া আর্থিক ও প্রযুক্তিগত বিষয়ের ঠিকঠাক আয়োজন করতেও সময় লাগার কথা জানিয়েছেন তিনি।

এদিকে পাকিস্তানের নির্বাচন আইনের ১৪ নম্বর ধারা অনুসারে- নির্বাচনের চার মাস আগে নির্বাচনী পরিকল্পনা নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করার কথা রয়েছে।

এফআইটি/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন