শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

আদমজী ইপিজেডে গার্মেন্টস ও স্পোর্টসওয়্যার কারখানা করছে দক্ষিণ কোরিয়ার কিডো গ্রুপ

সোমবার, নভেম্বর ৮, ২০২১

প্রিন্ট করুন
EPZ 0710 PRESS 1

ঢাকা: উচ্চ মানসম্পন্ন গার্মেন্টস ও স্পোর্টসওয়্যার সামগ্রী তৈরির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ান শিল্প প্রতিষ্ঠান মেসার্স কিডো ঢাকা কোম্পানি লিমিটেড ৩১ দশমিক ১৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আদমজী ইপিজেডে কারখানা স্থাপন করতে যাচ্ছে। কিডো দক্ষিণ কোরিয়ার একটি খ্যাতনামা স্পোর্টসওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যাদের ভিয়েতনাম, মায়ানমার ও ইন্দোনেশিয়াতেও পাঁচটি কারখানা রয়েছে। প্রতিষ্ঠানটির বাংলাদেশে আরো বিনিয়োগ পরিকল্পনা রয়েছে। সুবিধাজনক ইপিজেডে জমির স্বল্পতার কারণে তারা ইপিজেডের বন্ধ শিল্প কারখানা ইজারা গ্রহনের মাধ্যমে বিনিয়োগ বাড়াতে চায়।

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স কিডো ঢাকা কোম্পানি লিমিটেড সোমবার (৮ নভেম্বর) ঢাকার বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি সই করেছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও কিডো ঢাকা কোম্পানির ভারপ্রাপ্ত পরিচালক আন ইয়াং ডাই (জোসেফ) চুক্তিতে সই করেন। বেপজার নতুন যোগদানকারী নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান ও সদ্য বিদায়ী নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম অনুষ্ঠান উপস্থিত ছিলেন।

শতভাগ বিদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি বছরে ২০ লাখ পিস ক্লথ জ্যাকেট, মোটরসাইকেল সেইফটি জ্যাকেট, চামড়া ও ফাইবার জ্যাকেট, ওয়ার্ক জ্যাকেট, স্পোর্টস জ্যাকেট, ফ্লিস জ্যাকেট, বেবি ওয়ার্মার (জ্যাকেট), সফট শেল (জ্যাকেট), সোয়েট শার্ট, ভেস্ট, ওয়ার্ক ওয়্যার, কভারেল, হাসপাতাল গাউন, প্রটেকটিভ ক্লথ, পিপিই ইত্যাদি তৈরি করবে। কারখানাটিতে ছয় হাজার ৪০ জন বাংলাদেশি শ্রমিকের চাকরি হবে। পর্যায়ক্রমে এ কোম্পানি আরো বাংলাদেশি নাগরিকের চাকরির সুযোগ সৃষ্টি করবে।

অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, সচিব মো. জাকির হোসেন চৌধুরী, মহা ব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, মহা ব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, প্রধান প্রকৌশলী মো. আশরাফুল কবীর ও মহা ব্যবস্থাপক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন