সিএন প্রতিবেদন: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআইবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেছেন, সুন্নিয়ত, তাসাউফ ও আদর্শ মানুষ তৈরির প্রাণকেন্দ্র হচ্ছে মাদ্রাসা শিক্ষা। আর এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসা।
রোববার (২২ অক্টোবর) চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা আয়োজিত এক সংবর্ধনা অনুষ্টানে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, তোমরা জ্ঞানার্জনের সাথে অলি আল্লাহ ও উস্তাদদের সোহবত পাওয়ার চেষ্টা করবে। নিজেদের উত্তম চরিত্রের অধিকারী ও দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরি করবে। তোমরা মাদ্রাসা শিক্ষার্থী হওয়াতে আল্লাহর শোকরিয়া জ্ঞাপন করবে। কারণ এই মাদ্রাসা শিক্ষায় রয়েছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ। পার্থিব জীবনকে প্রাধান্য না দিয়ে আখিরাতের জীবন কে প্রাধান্য দিবে এতে দুনিয়া ও আখিরাত উভয় জগতে সফলকাম হবে।
মাদ্রাসা শিক্ষাকে যুগপোযোগী করার জন্য সরকার সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন ও আন্তর্জাতিকমানের শিক্ষা ব্যবস্থা করার জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। এবং তা বাস্তবায়নে আমি একজন খাদেম হিসেবে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমাকে ভাইস চ্যান্সেলর বানিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আলেম ওলামাদের খিদমত করার মহান দায়িত্বভার দিয়েছেন। এইজন্য আমি মহান আল্লাহর শোকরিয়া ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। একজন নগন্য খাদেম হিসেবে সকলের দোয়া চাই।
মাদ্রাসা গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর আব্দুল মহসিন মো. ইয়াহিয়া খানের সভাপতিত্বে ও আরবি প্রভাষক মাওলানা আনিসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন, সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন।
উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আলিম রিজভী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চবি প্রফেসর ড. জাফরুল্লাহ, ড. মুহাম্মদ মোরশেদুল হক, ড. নুরুল আমিন নুরী, রাঙ্গুনিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. আব্দুল মাবুদ, মুফতি কাজী আবদুল ওয়াজেদ, মাওলানা সোলায়মান আনছারী, মাওলানা জসীম উদ্দিন আজহারী, মাওলানা ড. মুহাম্মদ বখতেয়ার উদ্দিন, মাওলানা ওমায়ের রেজভী প্রমুখ।
সিএন/এমটি



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন