ঢাকা: আনোয়ারা অর্থনৈতিক অঞ্চল-২ এ জমি বরাদ্দের লক্ষ্যে কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডের এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মধ্যে সোমবার (২৯ নভেশ্বর) জমি লিজ চুক্তি সই হয়েছে। ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট ২০২১ উপলক্ষে ঢাকায় হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি সই হয়। বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আলী আহসান ও কর্ণফুলী ড্রাই ডক স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এমএ রশীদ জমি ইজারা চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে এমএ রশীদ বলেন, ‘শিপবিল্ডার্স খাতে ইতিমধ্যে বাংলাদেশে অবদান রাখতে শুরু করেছে এবং এর ফলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাসি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। কর্ণফুলী ড্রাই ডক একটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল হিসেবে জাহাজ রক্ষণাবেক্ষণের একটি খাত উন্মোচিত করেছে ও বিদ্যমান ব্যবস্থার সাথে যুক্ত হয়ে আরো সম্প্রসারিত হয়ে শিল্পের বিকাশে সহায়ক ভূমিকা রাখছে।’
মো. আলী আহসান বলেন, ‘ইতিমধ্যেই কর্ণফুলী ড্রাই ডক স্পেশাল ইকোনমিক জোনকে লাইসেন্স প্রদানের মাধ্যমে বেজা যুগান্তকারী ভূমিকা রেখেছে। বেজা মনে করে, এর মাধ্যমে বৈদেশিক বিনিয়োগের সুবিশাল ক্ষেত্র তৈরি হবে।’
তিনি কর্ণফুলী ড্রাই ডককে অভিনন্দন জানিয়ে সরকারের সব আইন ও নীতি প্রতিপালন করে শিল্প স্থাপনের আহ্বান জানান।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন