শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

আফ্রিকায় কমছে করোনার সংক্রমণ

শুক্রবার, জানুয়ারী ২১, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: মরনঘাতী করোনা ভাইরােসর সংক্রমণ ও মৃত্যুর হার হ্রাস পাচ্ছে আফ্রিকায়। ওমিক্রন প্রাধান্য বিশিষ্ট এ ভাইরাসের চতুর্থ ঢেউ সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর পর এ প্রথম বারের মত তা কমতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

টানা ৫৬ দিন সংক্রমণ বৃদ্ধির কথা উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) আফ্রিকার আঞ্চলিক দপ্তর জানায়, রোববার পর্যন্ত গত এক সপ্তাহে নতুন করে আক্রান্তের হার ২০ শতাংশ ও মৃত্যু আট শতাংশ হ্রাস পেয়েছে।

সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ের পর ওই দপ্তর আরো জানায়, দক্ষিণ আফ্রিকায় গত চার সপ্তাহের বেশি সময় ধরে করোনাভাইরাসে আক্রান্তের হার হ্রাস পাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ অঞ্চলের দেশগুলোতেই ওমিক্রন ধরন প্রথম শনাক্ত হয়।

তারা আরো জানায়, গত সপ্তাহে কেবলমাত্র উত্তর আফ্রিকায় আক্রান্তের সংখ্যা বাড়তে দেখা যায়। ওই সপ্তাহে এ অঞ্চলের দেশগুলোতে প্রায় ৫৫ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পায়।

হুর দেয়া তথ্য অনুযায়ী, এ মহাদেশের মোট জনসংখ্যার মাত্র দশ শতাংশ উভয় ডোজ টিকা নিয়েছেন।

এএফপির পরিসংখ্যান অনুযায়ী, মহাদেশটিতে এ পর্যন্ত মোট এক কোটি পাঁচ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত ও দুই লাখ ৩৪ হাজার ৯১৩ জনের মৃত্যু হয়েছে। এ মহাদেশের মোট জনসংখ্যা ১২০ কোটি।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন