ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “দেশে ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদন বাড়াতে হবে। এজন্য সয়াবিন, সরিষাসহ তেলজাতীয় শস্য উৎপাদনে বাড়তি নজর দিতে হবে। “
সোমবার (২২ মার্চ) সকাল ১০টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।
এ সময় পরিকল্পনামন্ত্রী জানান, সভায় প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়োজনে তৈল বীজ উৎপাদনে আরও গবেষণা করতে হবে। এজন্য কৃষকদের উৎসাহ দিতে হবে। মূলত ভোজ্যতেল আমদানি কমিয়ে দেশেই সয়াবিন, সূর্যমুখী, বাদামসহ বিভিন্ন তৈলবীজ উৎপাদন বাড়াতে একনেক সভায় প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন।
এ সময় প্রধানমন্ত্রীর অন্য অনুশাসনের কথা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, এখন থেকে বাংলাদেশের কোথাও নতুন সেতু তৈরি হলে তার নিচ দিয়ে নৌকা চলাচলের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া সৈয়দপুর ও চট্টগ্রামের পাহাড়তলীর রেলওয়ে কারখানার সক্ষমতা বাড়াতে বলেছেন একনেক চেয়ারপারসন একনেকের আজকের সভায় মোট ১২টি প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৫ হাজার ৭৪৪ কোটি ৫৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১১ হাজার ৬৭৪ কোটি ৮৩ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৪ হাজার ৬৮ কোটি ৫৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে বাকি টাকা ব্যয় করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আইআই /সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন