চলমান ডেস্ক: আয়ারল্যান্ডের গলওয়ে কাউন্টিতে প্রথম বার সরাসরি ভোটে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কমিউনিটি গলওয়ের নির্বাচন। উৎসবমুখর পরিবেশে রোববার (২৯ মে) সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
প্রায় ১৬ বছর আগে গঠন হয় গলওয়ে বাংলাদেশ কমিউনিটি। এরপর থেকে সিলেকশন কমিটি দিয়েই চলে আসছিল এ সংগঠনের কার্যক্রম। তবে এ প্রথম তিনটি পদে সরাসরি ভোটে নির্বাচন হল। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটাররা ভোট দিয়েছেন হাসিমুখে।
প্রার্থীদের মধ্যেও ছিল উৎসবের আমেজ। হার জিত নিয়েও কারো ছিল না কোন উৎকণ্ঠা। এ দিন গলওয়ে কাউন্টির অধিকাংশ বাংলাদেশি ভোট দিতে এসেছেন।
ভোট কেন্দ্রের পাশে ছিল হরেক রকমের খাবারের স্টল। দিন গড়ানোর সাথে সাথে বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় পুরো ভোট কেন্দ্র ও এর আশেপাশের এলাকা। নির্বাচন পর্যবেক্ষণ করতে স্থানীয় আইরিশ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন কাউন্টির বাংলাদেশিরা।
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরে গর্বিত নির্বাচন কমিশনও। উপস্থিত বাংলাদেশি ও নির্বাচন কমিশনারদের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার জামাল বাসির।
তিনি বলেন, ‘বাংলাদেশি ভাইয়েরা স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছেন ও তারা আজকের দিনটি সুন্দরভাবে উপভোগ করেছেন। এখানে গলওয়ের বাইরে আয়ারল্যান্ডের অন্যান্য কাউন্টি থেকেও অনেকে এসেছেন নির্বাচন দেখার জন্য। আজকের দিনটি আমাদের জন্য ছিল আনন্দের।’
ফলাফল শেষে বিজয়ী সভাপতিকে শুভেচ্ছা জানান পরাজিত সদ্য সাবেক সভাপতি। আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন জসিম দেওয়ান।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন