চলমান ডেস্ক: আয়ারল্যান্ডে গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয় দেশটির কিলকেনি কাউন্টিতে। বৃহত্তর সিলেট ছাড়াও এ আয়োজনে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশের অন্যান্য জেলার প্রবাসীরাও।
বিভিন্ন জেলা দিয়ে শুধু অঞ্চল আলাদা। তবে সব জেলার মানুষকে নিয়েই বাংলাদেশ। প্রবাসে বিভিন্ন অঞ্চলের সংগঠন থাকলেও যে কোন বড় আয়োজনে তাই সব অঞ্চলের বাংলাদেশিরা থাকেন আমন্ত্রিত অতিথি হিসেবে। ঈদ পুনর্মিলনীর যে আয়োজন ছিল গ্রেটার মৌলভীবাজারের, সেখানেও তাই হাজির ছিলেন বিভিন্ন জেলার বাংলাদেশিরা।
এ দিন শিশুদের চিত্রাঙ্কনে রঙিন ছিল কিলকেনির নেইবারহুডের হল। আয়োজকরাও ছিলেন তৃপ্ত।
অনুষ্ঠানের আয়োজকদের একজন বলেন, ‘আমরা খুবই খুশি হয়েছি যে, আপনারা আমাদের আয়োজনে এসেছেন। আপনাদের উপস্থিতিতে আমাদের অনুষ্ঠান সফল হয়েছে, সার্থক হয়েছে।’
আরেকজন বলেন, ‘ভবিষ্যতে যেন আমরা আরো সুন্দর অনুষ্ঠান করতে পারি, সে জন্য আপনাদের সহযোগিতা চাই।’
ঈদ পুনর্মিলনীর এ আয়োজনে একত্রে অনেক বাংলাদেশি হাজির হওয়ায়, একে অপরের মধ্যে সম্পর্ক উন্নয়নের নতুন দোর উন্মোচিত হয়, তাই খুশি ছিলেন আগতরাও।
একজন বলেন, ‘এখানে শুধু মৌলভীবাজার ও সিলেটের মানুষ ছিল না, অন্যান্য জেলার মানুষও ছিল। আমরা কৃতজ্ঞ সবার কাছে, তাদের উপস্থিতির জন্য।’
আগামী ঈদে আরো বড় পরিসরে এ আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা।
ভবিষ্যতে সম্প্রীতির এ ধারা অব্যাহত থাকবে- এমনটাই কামনা করেছেন আগত অতিথিরা।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন