সীমিত পরিসরে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার ইঙ্গিত দিল ইরান। বৃহস্পতিবার তেহরান জানাল, স্পেনের অনুরোধ বিবেচনা করা হবে এবং ‘শত্রুভাবাপন্ন দেশের নয়’ এমন জাহাজগুলো ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রণালি পার হতে পারবে। ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশের প্রতি এমন সংকেত প্রথমবারের মতো দিল ইরান।
স্পেন মার্কিন-ইসরাইলি হামলার নিন্দা করা প্রথম দেশগুলোর একটি। তারা এই যুদ্ধকে ‘বেপরোয়া ও অবৈধ’ বলেছে। এক্স-এ ইরানি দূতাবাসের পোস্টে বলা হয়েছে, ‘ইরান স্পেনকে আন্তর্জাতিক আইনের প্রতি অঙ্গীকারবদ্ধ দেশ মনে করে। তাই মাদ্রিদ থেকে আসা যেকোনো অনুরোধের প্রতি সদিচ্ছা দেখাচ্ছে।’
এর আগে মঙ্গলবার রয়টার্সের কাছে আসা একটি নোটে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘকে জানিয়েছে, ‘অশত্রু জাহাজগুলো’ ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করলে প্রণালি পার হতে পারবে।
ইরানের অবরোধে বিশ্বের মোট তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের প্রায় এক পঞ্চমাংশের চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। তবে কূটনৈতিক তৎপরতায় কিছু দেশের জন্য এই বাধা শিথিল হচ্ছে।
থাইল্যান্ডের একটি তেলবাহী জাহাজ ইরানের সঙ্গে কূটনৈতিক সমন্বয়ের পর নিরাপদে প্রণালি পার হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও বৃহস্পতিবার জানিয়েছেন, মালয়েশিয়ার জাহাজ যেতে দেওয়া হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, ইরান আলোচনায় সদিচ্ছার প্রমাণ হিসেবে ১০টি তেলবাহী জাহাজ প্রণালি পার হতে দিয়েছে। এর মধ্যে পাকিস্তানি পতাকাবাহী কিছু জাহাজও রয়েছে।
স্পেনের বণিক নৌবহর আকারে তুলনামূলক ছোট। ২০২৫ সালের জুনের হিসাব অনুযায়ী স্পেনীয় শিপওনার্স অ্যাসোসিয়েশনের সর্বশেষ রিপোর্টে দেখা যায়, স্প্যানিশ পতাকাবাহী বণিকজাহাজের সংখ্যা দুই দশকের সর্বনিম্নে নেমে এসেছে। বর্তমানে ৯১টি জাহাজ রয়েছে, যার মধ্যে ছয়টি তেলবাহী ও ১৩টি গ্যাসবাহী।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন