শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

ইউক্রেনে আরো ২৭ কোটি ডলার আর্থিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবার, জুলাই ২৩, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: রুশ আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনকে আরও ২৭ কোটি ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (২২ জুলাই) এই সামরিক সহায়তার বিলে সই করেছেন বাইডেন।  

এছাড়াও কিয়েভকে অত্যাধুনিক যুদ্ধবিমান দেওয়ার কথা ভাবছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, বিমান দেওয়ার বিষয়টি এখন প্রাথমিক পর্যায়ে আছে।

বিস্তারিত আলোচনার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ ইউক্রেন এখনও সোভিয়েত যুগের বিমানে অভ্যস্ত। এমতাবস্থায় মার্কিন যুদ্ধবিমান দিলে তারা তালগোল পাকিয়ে ফেলতে পারে।

নতুন করে অনুদান দেওয়া যুক্তরাষ্ট্রের ১০ কোটি মার্কিন ডলার দিয়ে ৫৮০টি ফনিক্স গোস্ট ড্রোন কিনবে ইউক্রেন। বাকি ১৭ কোটি মার্কিন ডলার দিয়ে অন্যান্য যুদ্ধাস্ত্র কিনবে কিয়েভ।

হোয়াইট হাউজের তথ্যমতে, যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ৮.২ বিলিয়ন ডলার অনুদান দিয়েছে ইউক্রেনকে।

এর আগে গত বুধবার ইউক্রেনকে আরো সামরিক সহায়তার ঘোষণা দেয়  যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। নতুন এই সহায়তায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরো চারটি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস (হাইমার্স) এবং সেগুলোর জন্য নির্ভুলভাবে পরিচালনযোগ্য রকেট পাঠাবে। এছাড়া কামানের জন্য আরো গোলাও পাঠানো হবে।

প্রসঙ্গত, ফেব্রুয়ারির শেষদিকে যুদ্ধ আরম্ভ হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইউক্রেনকে ৭০০ কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে। প্রতিরক্ষা বৈঠকের সময়ে অস্টিন বলেন, অস্ত্র ব্যবস্থাগুলোকে ভবিষ্যতে ইউক্রেন কিভাবে রক্ষণাবেক্ষণ ও মেরামত করবে, সে বিষয়টি নিশ্চিত করতেও আলোচনা হয়েছে।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন