বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

শিরোনাম

ইন্ডিয়ানার শপিংমলে অনর্থক গুলি চালিয়ে তিনজনকে হত্যা

সোমবার, জুলাই ১৮, ২০২২

প্রিন্ট করুন

চলমান নিউইয়র্ক ডেস্ক: ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি শপিংমলে এলোপাতাড়ি গুলিতে কমচে কম তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। এ সময় সেখানে থাকা একজন সশস্ত্র বেসামরিক ব্যক্তির গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন। রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ইন্ডিয়ানার গ্রিনউড পার্কের মলে প্রবেশ করে ফুডকোর্টে ঢুকে গুলি চালাতে শুরু করেন ওই ব্যক্তি। খবর নিউইয়র্ক টাইমসের।

গ্রিনউড পুলিশ বিভাগের প্রধান জিম ইসন বলেন, ‘ওই ব্যক্তি একটি রাইফেল ও বেশ কয়েকটি ম্যাগাজিন নিয়ে গ্রিনউড পার্ক মলে প্রবেশ করে ফুডকোর্টে গুলি চালাতে শুরু করেন। একজন সশস্ত্র বেসামরিক ব্যক্তি ওই ব্যক্তিকে হত্যা করেছেন। এ ঘটনায় মোট চারজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় ছয়টার দিকে অফিসাররা সেখানে পৌঁছান। অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা তা অনুসন্ধান করছেন। তবে তারা ধারণা করছেন, ফুডকোর্টের বাইরে গুলি চালানো হয় নি।

জিম ইসন জানিয়েছেন, পুলিশ একটি সন্দেহজনক ব্যাকপ্যাক বাজেয়াপ্ত করেছে, যা ফুডকোর্টের কাছে একটি বাথরুমে ছিলেন।

ইন্ডিয়ানাপলিস মেট্রোপলিটন পুলিশ ও একাধিক সংস্থা ঘটনার তদন্ত করছে।

ইন্ডিয়ানাপোলিসের সহকারী পুলিশপ্রধান ক্রিস বেইলি বলেন, ‘আমাদের দেশে এ রকম আরেকটি ঘটনার কারণে আমরা অসুস্থ হয়ে পড়েছি। তবে সংশ্লিষ্ট এলাকায় কোন সক্রিয় হুমকি নেই।’

গ্রিনউড হল ইন্ডিয়ানাপোলিসের একটি দক্ষিণ শহরতলি যেখানে জনসংখ্যা প্রায় ৬০ হাজার। মেয়র মার্ক মায়ার্স ভুক্তভোগী ও নিহতদের জন্য প্রার্থনার আহবান জানিয়েছেন।

বিবৃতিতে মার্ক মায়ার্স বলেন, ‘এ ট্র্যাজেডি আমাদের সম্প্রদায়ের মূলে আঘাত করেছে।’

আমেরিকায় বন্দুক সহিংসতার ঢেউয়ে এ হামলা সর্বশেষ। সেখানে বছরে প্রায় ৪০ হাজার জনের আগ্নেয়াস্ত্রের কারণে মৃত্যু ঘটেছে।

শিকাগোর একটি সমৃদ্ধ শহরতলিতে গত ৪ জুলাই একটি প্যারেডে বন্দুকধারী গুলি চালানোর কয়েক সপ্তাহ পরে এ ঘটনায় ঘটল। ওই ঘটনায় সাতজন নিহত ও কমপক্ষে তিন ডজন আহত হন।

গত মে মাসে আমেরিকায় গুলি চালিয়ে দুইটি গণহত্যার ঘটনা ঘটে, যাতে দেখা যায় দশ জন কৃষ্ণাঙ্গ লোককে নিউইয়র্কের একটি সুপারমার্কেটে গুলি করে হত্যা করা হয় ও টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৯ শিশু ও দুই শিক্ষককে হত্যা করা হয়।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন