ঢাকা: ইপিজেডে অধিক বিনিয়োগ আকর্ষণের জন্য পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) একটি সমঝোতা স্মারক সই করেছে। মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকার বেপজা কমপ্লেক্সে এ চুক্তি সই হয়। এ সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে দেশ ও বিদেশে বিভিন্ন বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সম্মেলন, সেমিনার, গোল টেবিল বৈঠক ও প্রদর্শনীর আয়োজন করতে এসসিবি বেপজাকে সহযোগিতা করবে।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং এসসিবির ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং এসসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ চুক্তিকে একটি নতুন পদক্ষেপ হিসেবে উল্লেখ করে আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, ‘আমরা এক সাথে কাজ করলে নিশ্চিতভাবেই নতুন বিনিয়োগকারী আকর্ষণ সহজ হবে ও দেশের ব্যবসায়ে পরিবেশের একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি সম্ভব হবে। আমাদের শক্তি হচ্ছে ৪০ বছরের অর্জিত অভিজ্ঞতা। নতুন বিনিয়োগ সহায়তা প্রদানে অন্য যে কোন প্রতিষ্ঠানের চেয়ে আমাদের যথেষ্ট দক্ষতা রয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিশ্বব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে এ অংশীদারিত্ব বেপজার বিনিয়োগ উন্নয়ন কার্যক্রমে সহায়ক হবে।’
নাসের এজাজ বিজয় বলেন, ‘বেপজা দীর্ঘ সময় ধরে দেশের রপ্তানি খাতে একটি গেম চেঞ্জার হিসেবে ভূমিকা রাখছে। এ আইকনিক প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা অর্থনৈতিক সক্ষমতা ও ব্যবসায় পরিবেশ উন্নয়নে তাৎপর্যপূর্র্ণ ভূমিকা রাখতে পারব।’
বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো খুরশীদ আলম, নির্বাহী পরিচালক (রক্ষণাবেক্ষণ) রুহুল আমিন, নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল এএসএম কামরুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন