চলমান ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের গ্রীন জোনে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রকেট হামলায় তিনজন আহত হয়েছে। এদের মধ্যে দুই শিশু রয়েছে। রকেটগুলোর মধ্যে একটি সেখানে অবস্থিত এক স্কুলে ও দুইটি রকেট মার্কিন দূতাবাস চত্বরে আঘাত হানে। ইরাকি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
সংঘাতপূর্ণ এ দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে নব-নিযুক্ত পার্লামেন্ট স্পিকারকে শীর্ষ আদালত বরখাস্ত করার পর এ হামলার ঘটনা ঘটলো।
নাম প্রকাশ না করার শর্তে ইরাকের উচ্চ পদস্থ সরকারি এক কর্মকর্তা বলেন, ‘গ্রীন জোন লক্ষ্য করে তিনটি রকেট ছোড়া হয়।’
এ সব রকেটের মধ্যে দুইটি মার্কিন দূতাবাস চত্বরে ও অপরটি পাশের এক স্কুলে আঘাত হানে। এতে এক নারী, এক বালিকা ও এক কিশোর আহত হয়।
সাম্প্রতিক মাসগুলোতে ইরাকে আমেরিকান সৈন্য ও তাদের স্থাপনা লক্ষ্য করে অনেক রকেট ও ড্রোন হামলা চালানো হয়। এসব হামলার ক্ষেত্রে দায়িত্ব স্বীকারের ঘটনা একেবারে বিরল হলেও বরাবরই ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠীকে দায়ী করা হয়।
এ দিকে, মার্কিন দূতাবাস ফেসবুকে দেয়া এক বিবৃতিতে এ রকেট হামলার নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘এ হামলা ‘ইরাকের নিরাপত্তা, সার্বভৌমত্ব ধ্বংসের ও আন্তর্জাতিক সম্পর্ক বানচালে চালানো সন্ত্রাসী গ্রুপের প্রচেষ্টার অংশ।’ তবে এখন পর্যন্ত কোন গ্রুপ এ হামলার দায় স্বীকার করেনি।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন