বুধবার, ০১ এপ্রিল ২০২৬

শিরোনাম

ইরান যুদ্ধ শেষে ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করবে যুক্তরাষ্ট্র: রুবিও

বুধবার, এপ্রিল ১, ২০২৬

প্রিন্ট করুন

ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ হলে ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন করে মূল্যায়ন করা হতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মঙ্গলবার (৩১ মার্চ) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই যুদ্ধ শেষ হওয়ার পর ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের গুরুত্ব ও ব্যয় পুনর্বিবেচনা করা প্রয়োজন হতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রুবিওর মতে, সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ন্যাটোর ভূমিকা নিয়ে ওয়াশিংটনে অসন্তোষ তৈরি হয়েছে। গত মাসে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর এই সংঘাতে ন্যাটো সদস্য দেশগুলোর সমর্থন চাইলেও তারা তাতে সাড়া দেয়নি। এতে ট্রাম্প প্রশাসন ক্ষুব্ধ হয়।

উল্লেখ্য, ১৯৪৯ সালে গঠিত উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) বর্তমানে ৩২টি দেশের সামরিক জোট। এর মূল লক্ষ্য সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক ও সামরিক নিরাপত্তা নিশ্চিত করা। ন্যাটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি ‘আর্টিকেল ৫’, যার আওতায় কোনো সদস্য দেশের ওপর হামলা হলে তা পুরো জোটের ওপর হামলা হিসেবে বিবেচিত হয় এবং অন্য সদস্যরা সহায়তায় এগিয়ে আসে।

ন্যাটোর ইতিহাসে এ ধারা মাত্র একবার প্রয়োগ করা হয়েছে—২০০১ সালে যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার পর। সেই সময় এই ধারা কার্যকর করে আফগানিস্তানে সামরিক অভিযান চালানো হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন