সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

ঈশ্বরদী ইপিজেডে পশ্চাৎ সংযোগ শিল্প স্থাপন করবে আদনান ফাইবার

বুধবার, ফেব্রুয়ারী ৯, ২০২২

প্রিন্ট করুন

পাবনা: বাাংলাদেশি কোম্পানি মেসার্স আদনান ফাইবার লিমিটেড ঈশ্বরদী রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকায় একটি পশ্চাৎ সংযোগ শিল্প স্থাপন করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ২০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বার্ষিক ২৫ হাজার মেট্রিক টন পলিস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ) উৎপাদন করবে। কারখানাটিতে ৫১৪ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

প্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে সংগ্রহকৃত পিইটি ফ্লেক্স (পিইটি বোতল) থেকে পলিস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ) উৎপাদন করবে; যা পরিবেশ দূষণ রোধে সহায়ক হবে। এটি ঈশ্বরদী ইপিজেডে প্রথম ও বেপজাধীন ইপিজেডগুলোর মধ্যে দ্বিতীয় এ ধরনের শিল্প প্রতিষ্ঠান। আমদানি বিকল্প পণ্য হিসেবে বেপজা এ ধরনের পশ্চাৎ সংযোগ শিল্প স্থাপনে বরাবরই উৎসাহ দিয়ে আসছে।

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও আদনান ফাইবার বুধবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার বেপজা কমপ্লেক্সে এ লক্ষ্যে একটি চুক্তি সই করেছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও আদনান ফাইবারের ব্যবস্থাপনা পরিচালক কেএইচ আদনান মেহমুদ চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি সই অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

অন্যদের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জন সংযোগ) নাজমা বিন্তে আলমগীর, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম ও নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল এএসএম কামরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন