চলমান নিউইয়র্ক ডেস্ক: মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার পেয়েছেন গবেষক ও লেখক গোলাম মুরশিদ। নিউইয়র্ক বাংলা বইমেলা ২০২২ এর তৃতীয় দিন শনিবার (৩০ জুলাই) এ পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কারপ্রাপ্ত গোলাম মুর্শিদের নাম ঘোষণা করেন একুশে পদকপ্রাপ্ত লেখক ও বিজ্ঞানী নুরুন্নবী। এ পুরস্কারের অর্থমূল্য তিন হাজার মার্কিন ডলার। এর আগে এ পুরস্কারের প্রেক্ষাপট উপস্থাপন করেন বইমেলা কমিটির আহবায়ক গোলাম ফারুক ভূইয়া।
২০১৬ সালে কবি নির্মলেন্দু গুণকে প্রদাণের মাধ্যমে এ পুরস্কারটি মুক্তধারা ফাউন্ডেশন প্রবর্তন করে। এরপর শামসুজ্জামান খান, আব্দুল্লাহ আবু সায়ীদ, দিলারা হাশেম, সেলিনা হোসেন ও সমরেশ মজুমদার এ পুরস্কারে ভূষিত হন। এ বছর পেলেন গোলাম মুরশিদ।
প্রসঙ্গত, ২০০৭ সালে গোলাম মুরশিদ নিউইয়র্ক বাংলা বইমেলা উদ্বোধন করেছিলেন।
১৯৪০ সালের ৮ এপ্রিল বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা গ্রামে গোলাম মুরশিদ জন্ম নেন। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ করেছেন। তার প্রথম কর্ম জীবন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। এরপর প্রায় দুই দশক তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন। ১৯৮৪ সালের জানুয়ারি থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি লন্ডনে বিবিসির বাংলা বিভাগে কাজ করেছেন। এ ছাড়া ১৯৯১ সাল থেকে লন্ডনে একাধিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। গোলাম মুরশিদের উল্লেখযোগ্য গবেষণাগ্রন্থের মধ্যে আছে আশার ছলনে ভুলি, রাসসুন্দরী থেকে রোকেয়া: নারীপ্রগতির একশো বছর, বিবর্তনমূলক বাংলা অভিধান, সংকোচের বিহ্বলতা, সমাজ সংস্কার আন্দোলন ও বাংলা নাটক, রবীন্দ্রবিশ্বে পূর্ববঙ্গ পূর্ববঙ্গে রবীন্দ্রচর্চা, স্বাধীনতা সংগ্রামের সাংস্কৃতিক পটভূমি, হাজার বছরের বাঙালি সংস্কৃতি, বিলেতে বাঙালির ইতিহাস, মুক্তিযুদ্ধ ও তারপর: একটি নির্দলীয় ইতিহাস, বিদ্রোহী রণক্লান্ত।
উল্লেখ্য, নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা পারফরমিং আর্ট সেন্টারে ২৮-৩১ জুলাই অনুষ্ঠিত হয়েছে চার দিনের এ বইমেলা।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন