কলম্বো, শ্রীলংক: চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে শেষ পর্যন্ত আসন্ন এশিয়া কাপ ক্রিকেট আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে শ্রীলংকা। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলংকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১৫তম আসর।
‘এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়’ বলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) জানিয়ে দিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।
শ্রীলংকার স্থানীয় গণ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে এশিয়া কাপ আয়োজন করার মত অবস্থানে তারা নেই বলে এসিসিকে জানিয়েছে এসএলনি।
চলমান সংকটের কারণে সদ্য লঙ্কান প্রিমিয়ার লিগের তৃতীয় আসর স্থগিত হওয়ার পরই এশিয়া কাপ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। আগামী অক্টোবর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের আগে টি-২০ ফরমেটে আগস্ট-সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিল।
গণ মাধ্যমের খবর, শ্রীলংকা সরে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতে হতে পারে এশিয়া কাপ। তবে ভারতসহ এশিয়ার যে কোন দেশে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে।
এশিয়া কাপ আয়োজনে একটি ভেন্যু চেয়ে এসএলসি আরব আমিরাত বোর্ডের সাথে আলোচনা করবে বলে জানা গেছে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন