চলমান ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলীয় ঝুহাই নগরীতে কমপক্ষে সাত জনের দেহে ওমিক্রন সংক্রমণ শনাক্ত হয়েছে। এর ফলে শনিবার (১৫ জানুয়ারি) বিভিন্ন রুটে বাস চলাচল স্থগিত ও বাসিন্দাদের নগরী ছেড়ে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। পাশের একটি নগরীতে ওমিক্রন সংক্রমণ শনাক্ত হওয়ার কারণে গণপরীক্ষা শুরু করার পর শুক্রবার (১৪ জানুয়ারি) সেখানে হালকা অসুস্থ একজন ও উপসর্গহীন ছয়জন রোগীর দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। খবর এএফপির।
বেশ কয়েকজন ওমিক্রন আক্রান্ত হওয়ার ফলে চীন করোনভাইরাস প্রাদুর্ভাব রোধের জন্য লড়াই করছে। এ দিকে, আগামী মাসে বেইজিং শীতকালীন অলিম্পিকের আগে চীন ভাইরাসের বিরুদ্ধে সতর্কতা জোরদার করেছে। দেশ জুড়ে লাখ লাখ লোককে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গত কয়েক সপ্তাহে বেশ কিছু অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে ও কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে।
ঝুহাই নগরীর কর্মকর্তারা প্রয়োজন না হলে নগরী ত্যাগ করা থেকে বিরত থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। কোন ব্যক্তি প্রয়োজনে ২৪ ঘন্টা আগে করোনা পরীক্ষায় নেতিবাচক ফলাফল পেলে নগরী ছাড়তে পারবে।
সপ্তাহের শুরুতে প্রতিবেশী ঝোংশান নগরীতে করোনা সংক্রমন শনাক্ত হওয়ার পরে শুক্রবার (১৪ জানুয়ারি) ২৪ লাখ জনসংখ্যার নগরীতে গণ পরীক্ষা শুরু হয়েছে।
চীন শনিবার (১৫ জানুয়ারি) ১০৪ জনের দেহে করোনা শনাক্ত হওয়ার কথা জানিয়েছে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন