শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

ওমিক্রন মোকাবেলায় সরকারের সদিচ্ছার অভাব রয়েছে

বৃহস্পতিবার, জানুয়ারী ১৩, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: সারা পৃথিবী জুড়ে অমিক্রন ভয়াবহ আকার ধারণ করেছে। ভাইরাসের নতুন এ প্রাদুর্ভাব জনমনে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ওমিক্রন মোকাবেলায় সরকারের সদিচ্ছার অভাব পরিলক্ষিত হচ্ছে।

বুধবার (১২ জানুয়ারি) ঢাকার সিদ্ধেশ্বরী বালুর মাঠের পাশে বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির উদ্যোগে দুস্থ ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।

সোসাইটির প্রতিষ্ঠাতা ডাক্তার মুহাম্মদ মাহতাব হোসাইন মাজেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার। উদ্বোধক ছিলেন বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব আবদুল্লাহ আল মামুন।

বাপ্পি সরদার বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত সব দায়িত্বশীল ব্যক্তি সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। প্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয় দ্রুত মাঠ পর্যায়ে তদারকি বাড়ালে ওমিক্রন ভাইরাসের হাত থেকে সাধারণ জনগণ কিছুটা হলেও রক্ষা পাবে। বিনামূল্যে অসহায় ও দুস্থ রোগীদের সেবা দেয়ার মানসিকতা সব ডাক্তারের থাকা দরকার।

আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সরকারের পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে। অনেক সময় জনগণ দায়িত্বহীনতার পরিচয় দেন। স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’

মাহতাব হোসাইন মাজেদ বলেন, ‘ওমিক্রন মোকাবেলায় সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। এখন পর্যন্ত সরকারি কর্মকর্তারা জনসচেতনতা তৈরির জন্য খুব বেশি তৎপরতা শুরু করেনি। সাধারণ রোগীদের পাশে তাদের আরো বিশেষ ভূমিকা পালনের দরকার ছিল। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা অনুযায়ী মাঝে মাঝে বিনামূল্যে অসহায় দুস্থ রোগীদের মাঝে ওষুধ বিতরণ করি। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম চৌধুরী, সমাজ সেবক অহিদুল ইসলাম, অরবিন্দ সাহা প্রমুখ।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন