শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও আমরা এখনো নিরাপদ নই

শুক্রবার, এপ্রিল ১, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও আমরা এখনো নিরাপদ নই উল্লেখ করে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার সেখ ফজলে রাবি বলেছেন, ‘নিজেকে সুরক্ষিত রাখতে হলে মাস্ক পরিধানের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পাশাপাশি মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা মানতে হবে।’

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ গাইডলাইন বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় বেসরকারী সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচী প্রশিক্ষণের আয়োজন করেন।

এতে প্রধান অতিথির বক্তৃতায় সেখ ফজলে রাবি আরো বলেন, ‘প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিয়মিত টিকা, গণটিকা ও বুস্টার ডোজ দেয়ার কারণে করোনা ভাইরাসের সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। সরকারের পাশাপাশি সমাজের কিছু কিছু ধর্ণাঢ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান সরকারী-বেসরকারী হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম দেয়ায় করোনা আক্রান্ত রোগীরা কাঙ্খিত সেবা পেয়েছে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধ দেখেছি, কিন্তু করোনাযুদ্ধ চোখে দেখা না গেলেও এটি অনেক ভয়াবহ। করোনাযুদ্ধে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষকে বাঁচানোর জন্য যুদ্ধ করতে হয়েছে। স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা-কর্মচারী, সর্বস্তরের প্রশাসন, সমাজের ধর্ণাঢ্য ব্যক্তি, শিল্প প্রতিষ্ঠান ও গণ মাধ্যম কর্মীসহ সংশ্লিষ্টরা সমন্বিতভাবে এগিয়ে আসার কারণে আমরা করোনাযুদ্ধে জয়লাভ করেছি। সব সময় স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা সকলেই নিরাপদ থাকব। পাশাপাশি সরকারের কাঙ্খিত লক্ষ্য অর্জনে স্বাস্থ্য সেবার কার্যক্রম সর্বত্র ছড়িয়ে দিতে হবে ‘

জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডাক্তার মোহাম্মদ নুরুল হায়দার ও পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডাক্তার ছেহেলী নারগিস।

বক্তব্য দেন বেসরকারী সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচীর বিভাগীয় ব্যবস্থাপক মো. হানিফ উদ্দিন, জেলা সমন্বয়ক মো. আবুল কাহ্হার, এলাকা ব্যবস্থাপক বিপন হাজারী ও এলাকা ব্যবস্থাপক মো. তসলিম উদ্দিন।

চট্টগ্রামের ১৫ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষণে অংশ নেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন