চলমান ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকে হিজাব পরে স্কুলে না আসার নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই সপ্তাহের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ।
বুধবার (৯ ফেব্রুয়ারি)বেঙ্গালুরু পুলিশের জানিয়েছে, আগামী দুই সপ্তাহ রাজধানীর প্রত্যেক স্কুল-কলেজের ২০০ মিটারের মধ্যে কোনো বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ হলে আইনি ব্যবস্থা নেবে প্রশাসন।
গত মাসে কর্নাটকের উদুপি জেলার একটি প্রাক-বিশ্ববিদ্যালয়ের কলেজের ছয় ছাত্রীকে হিজাব পরার কারণে ক্লাসে ঢুকতে বাধা দেওয়ার মধ্যে দিয়ে এই সমস্যার সূত্রপাত ঘটে। রাজ্যের সাম্প্রদায়িক সংবেদনশীল তিনটি জেলার একটি উদুপি; যা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডানপন্থী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অন্যতম শক্ত ঘাঁটি।
এইদিকে অঞ্চলটির এমন নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে দেশ বিদেশে চলছে নানামুখী আলোচনা-সমালোচনা। সমাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে চলছে প্রতিবাদের ঝড়।
গত সপ্তাহে একটি ভিডিওতে দেখা যায়, হিজাব পরা একদল ছাত্রীকে কলেজে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। উদুপি জেলার কুন্দাপুরের একটি প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজের এই ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। উদুপি সরকারি কলেজের ৫ জন নারী কর্নাটক হাইকোর্টে শ্রেণীকক্ষে হিজাব নিষিদ্ধের বিপক্ষে পিটিশন দায়ের করেন।
কিন্তু মঙ্গলবার আদালতে পিটিশনের শুনানি শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই, বেঙ্গালুরুসহ রাজ্যের বেশ কিছু শহরে পাল্টপাল্টি বিক্ষোভ সমাবেশ শুরু করেন হিন্দু ও মুসলিম শিক্ষার্থীরা। কিছু সমাবেশে হিন্দু এবং মুসলিম শিক্ষার্থীদের মধ্যে পাথর নিক্ষেপ এমনকি অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন