শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

কুমিল্লায় সাংবাদিক মহিউদ্দিন হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রবিবার, এপ্রিল ১৭, ২০২২

প্রিন্ট করুন

কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে সাংবাদিক মহিউদ্দিন সরকার হত্যা মামলার প্রধান আসামি রাজু (৩৫) র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। শনিবার (১৬ এপ্রিল) রাত দুইটায় কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাজু কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার সাদেক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে বিস্তারিত পরে জানানো হবে।

র‍্যাব-১১ জানায়, গোপন খবরের ভিত্তিতে কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ি সীমান্ত এলাকায় অভিযানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারি রাজু গুলি চালাতে থাকে। পরে আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে রাজু গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের মা নাজমা আক্তার বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে তিনজন নামীয় ও অজ্ঞাত আরো ছয়জনকে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেন।

উল্লেখ্য, কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ সীমান্তে মাদক কারবারির গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নিহত হন। বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে দশটার দিকে স্থানীয় দুই যুবক বিজিবির সহায়তায় তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন