চলমান ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোতে গোলাগুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। রোববার স্থানীয় সময় ভোরের দিকে এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্যাক্রামেন্টো পুলিশ জানিয়েছে। ভোরে স্যাক্রামেন্টোর একটি রেস্তোরাঁ ও বার লোকজনে পরিপূর্ণ ছিল- এমন সময় হঠাৎ স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলি শুরু হয়। লোকজন রাস্তায় পালিয়ে যায়। পরে শহর কর্তৃপক্ষ ঘটনাস্থলে বেশ কিছু অ্যাম্বুলেন্স পাঠায়।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের ভিড়ে বোঝাই একটি রেস্টুরেন্ট ও বারে হঠাৎ করে স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলি করা হয়। গুলির শব্দে সেখানে উপস্থিতরা রাস্তায় পালিয়ে যান। স্যাক্রামেন্টোর পুলিশ এক টুইট বার্তায় জানায়, নির্বিচারে গুলির ঘটনায় মোট ১৫ জন আহত হয়েছেন। তবে তাদের মধ্যে ছয়জন নিহত হয়েছেন।
স্যাক্রামেন্টো পুলিশের মুখপাত্র সার্জেন্ট জ্যাক ইটন বলেন, শহরের ১০ম ও জে রোডে এ হামলার ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনার পর স্যাক্রামেন্টোর ৯ ও ১৩ নম্বর সড়ক বন্ধ করে দেয় পুলিশ। ঘটনার পেছনে কারা জড়িত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তাছাড়া যারা আহত হয়েছেন তাদের অবস্থাও জানা যায়নি।
স্যাক্রামেন্টোর পুলিশ প্রধান বলেন, যেখানে এ ঘটনা ঘটেছে সেখানে পুলিশ কর্মকর্তারা ছিলেন। তারা গুলির শব্দ শুনেছেন। আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।
এফআইটি/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন