শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

গণতান্ত্রিক নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই

শুক্রবার, ডিসেম্বর ৩১, ২০২১

প্রিন্ট করুন
Untitled design 96 1

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “গণতান্ত্রিক উপায়ে ব্যলটের মাধ্যমে নির্বাচনে অংশ নিয়ে জেতা ছাড়া সরকার পরিবর্তন করার আর কোন বিকল্প পথ নেই। বিএনপি আন্দোলন সংগ্রাম করে যতই সরকার পতনের দিবাস্বপ্ন দেখুক তাতে কোন কাজ হবে না। আমি তাদের বলবো ‘সরকার পতন, আন্দোলন’ এসব ছড়া কেটে কোন লাভ নেই।”
শুক্রবার (৩১ ডিসেম্বর) নিজ বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, “বিগত এক যুগের বেশি সময় ধরে সরকার পতন আন্দোলনে ব্যর্থতা এবং সরকারকে পদত্যাগে বাধ্য করতে ‘ওয়ার্ম আপ’ চালাচ্ছে বিএনপি। কোনো ওয়ার্ম আপেই কাজ হবে না, নেতিবাচক এবং হঠকারী রাজনীতির কারণে জনগণ বিএনপিকে চিনে ফেলেছে।”

বিএনপি এ দেশে ভোটারবিহীন নির্বাচন করে মানুষের ভোটাধিকার হরণ করেছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “ভোট না দেওয়ার অভিযোগে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালিয়েছিল, বোমা সন্ত্রাসের মাধ্যমে মানুষের স্বাধীনভাবে চলাচলের অধিকার হরণ করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন, এগিয়ে নিয়েছেন দেশকে উন্নয়নের মহাসড়কে। এজন্যই সরকারের উন্নয়নের রাজনীতিতে বিএনপি ঈর্ষাকাতর।”

বিএনপি নিজেদের অন্ধকার ভবিষ্যত দেখে হতাশায় কাতর মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “জনগণের সামনে দাঁড়ানোর সাহস এবং বলার মতো কিছুই নেই বিএনপির। তাই তো বিএনপি মিথ্যাচারের সঙ্গী ও অপপ্রচারের বন্ধু হয়েছে এবং জোট বেঁধেছে অপরাজনীতির সঙ্গে। তারা নতুন নতুন ফন্দি আঁটছে,  আন্দোলনের নামে গণমাধ্যমের সামনে বক্তব্য দিচ্ছে। কিন্তু আমি বলতে চাই তাদের দূর অতটুকুই। জনগণ তাদের উদ্দেশ্য সম্পর্কে অবগত। তাই মুখ ফিরিয়ে নিয়েছে। “

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন