শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

গুজব ঠেকাতে সতর্ক অবস্থানে সিলেটের পুলিশ

বুধবার, নভেম্বর ২৪, ২০২১

প্রিন্ট করুন
গুজব ঠেকাতে সতর্ক অবস্থানে সিলেটের পুলিশ 1

সিলেট প্রতিবেদকঃ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি এবং মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে গুজব ছড়িয়ে পড়েছে। এ গুজবকে কেন্দ্র করে যাতে কেউ নাশকতা করতে না পারে সেজন্য পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে পুলিশের বিভিন্ন ইউনিটকে ওয়ারলেসের মাধ্যমে মৌখিক এ বার্তা দেওয়া হয়েছে। সর্তক বার্তা পাওয়ার পর সিলেট পুলিশের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। সেই সাথে মাঠে ইতোমধ্যে কাজ শুরু করেছে সাদা পোশাকের পুলিশ। নজরদারি করা হচ্ছে সিলেট বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের। তিনি জানান, পুলিশ সদর দফতর থেকে সর্তক থাকার নির্দেশনা দেয়া হলে পুলিশের সবকটি ইউনিটকে নিরাপত্তা পালনের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। সেই সাথে মহানগরী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কেউ যাতে গুজব ছড়িয়ে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য সজাগ রয়েছে পুলিশ। মাঠে গোয়েন্দা ও্ সাদা পোশাকের একাধিক টিম কাজ করে যাচ্ছে। 
জানা যায়, কেউ যাতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য সরকারের উচ্চপর্যায় থেকে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। এই বার্তা পেয়েই সদর দফতর থেকে পুলিশের বিভিন্ন ইউনিটকে মৌখিকভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে যারা ছুটিতে আছেন তাদের ছুটি ২৩ নভেম্বর থেকে বাতিল করা হয়েছে। তাদের সবাইকে ২৪ নভেম্বরের মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নানা শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যার দিকে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার হিমোগ্লোবিন কমে যায়। তবে চিকিৎসকরা রক্ত দেওয়ার পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তার শরীর। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। এ গুজবকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর।

আরএইচ/চলমান নিউয়র্ক

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন