চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে কারখানা স্থাপন ও শিল্প কার্যক্রম শুরু করার জন্য গার্মেন্টস ভিলেজে সব নির্মাণ কাজ সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে শেষ করতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রতি অনুরোধ জানিয়েছেন বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসান।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বিজিএমইএ এর একটি প্রতিনিধি দল গার্মেন্টস ভিলেজের নির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে দেখার জন্য গার্মেন্টস ভিলেজ পরিদর্শনকালে এ অনুরোধ জানানো হয়।
বিজিএমইএ এর প্রতিনিধি দলে ছিলেন প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, সহ সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক মো. এম মহিউদ্দিন চৌধুরী, এএম শফিউল করিম (খোকন), মো. হাসান (জ্যাকি), এম এহসানুল হক ও মোহাম্মদ মিরাজ-ই-মোস্তফা (কায়সার)। এ সময় বেজার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তারা সাইটে অবকাঠামো এবং সড়ক নির্মানের সার্বিক অগ্রগতি ও সেই সাথে গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ ও অন্য সুবিধাগুলো পর্যবেক্ষণ করেন।
গার্মেন্টস ভিলেজ প্রতিষ্ঠার সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে ফারুক হাসান বলেন, ‘এটি রপ্তানিকারকদেরকে সুবিধাজনক স্থানে আরো কারখানা স্থাপনে সহায়তা করবে।’
চলমান প্রকল্পের কাজ তরান্বিত করা ও যে সব উদ্যোক্তারা এ ভিলেজে পোশাক কারখানা স্থাপনের জন্য অপেক্ষা করছেন, তাদেরকে প্লট হস্তান্তরের জন্য প্লট সম্পূর্নরূপে প্রস্তুত করার বিষয়েও তিনি বেজাকে অনুরোধ করেন।
তিনি বলেন, ‘গার্মেন্টস ভিলেজে পোশাক কারখানাগুলো যাতে সুষ্ঠুভাবে শিল্প পরিচালনা কার্যক্রম চালাতে পারে, সে জন্য সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।’
ফারুক হাসান আরো বলেন, ‘গার্মেন্টস ভিলেজ উদ্বোধন ও সম্পূর্ণরূপে চালু হলে এটি বিপুল সংখ্যক লোকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে ও তৈরি পোশাক খাতের রপ্তানি আয় ও দেশের আয় বৃদ্ধিতে অবদান রাখবে।’
শিল্পনগরীতে ৫০০ একর জায়গায় একটি গার্মেন্টস ভিলেজ প্রতিষ্ঠার জন্য বিজিএমইএ ২০১৮ সালের ২১ মার্চ বেজার সাথে একটি সমঝোতা স্মারক সই করে।
বেজা কর্তৃপক্ষ বিজিএমইএকে সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে গার্মেন্টস ভিলেজ সম্পন্ন করা ও হস্তান্তরের আশ্বাস দিয়েছেন।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন