চট্টগ্রাম: দেশের দ্বিতীয় জি টু জি ভিত্তিক অর্থনৈতিক অঞ্চল ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও ভারতের আদানী পোর্টস এন্ড এসইজেড লিমিটেডের মধ্যে ডেভেলমেন্ট এগ্রিমেন্ট বিষয়ক একটি টার্ম শিট চুক্তি সই হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) ভারতের মুম্বাইয়ে এ চুক্তি সই হয়। এ চুক্তির মাধ্যমে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নের জন্য পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ভারতীয় অর্থনৈতিক অঞ্চল পরিচালনার জন্য কোম্পানি গঠনসহ অন্যান্য প্রক্রিয়া পর্যায়ক্রমে শুরু হবে।
ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য বাংলাদেশ সরকার ও ভারত সরকারের মধ্যে ২০১৫ এর জুন মাসে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। এ প্রেক্ষিতে আদানী পোর্টস এন্ড এসইজেড ভারত সরকারের নির্বাচিত প্রতিষ্ঠান হিসেবে ও অঞ্চলের ডেভেলপার প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে সাব-জোন ১৯ এ প্রায় ৮৫৭ একর ভূমির উপর ভারতীয় অর্থনেতিক অঞ্চল স্থাপনের জন্য ‘মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন’ সংক্রান্ত একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে ভারতীয় বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য একটি পৃথক অঞ্চল প্রতিষ্ঠা করা। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৯৬৪ কোটি ৮৫ লাখ টাকা (ভারতীয় নমনীয় ঋণ এলওসি-৩, ১১৫ মিলিয়ন মার্কিন ডলারসহ)। এ প্রকল্পের মূল কাজ ভূমি উন্নয়ন, সংযোগ সড়ক, প্রশাসনিক ভবন, নিরাপত্তা ব্যবস্থা, পানি সরবরাহ ব্যবস্থা, টেলিকমিউনিকেশন, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টসহ অন্যান্য বিনিয়োগবান্ধব স্থাপনা নির্মাণ করা। এ লক্ষ্যে ইতিমধ্যে পরামর্শক প্রতিষ্ঠান ও জনবল নিয়োগ সম্পন্ন হয়েছে।
চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। বেজার নির্বাহী সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মোহাম্মদ ইরফান শরীফ ও আদানী পোর্টস এন্ড এসইজেডের প্রেসিডেন্ট ক্যাপ্টেন সন্দ্বীপ মেহতা চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে শেখ ইউসুফ হারুন এ চুক্তি সইয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ উদ্যোগ এক বিশাল কর্মযজ্ঞের সূচনামাত্র ও একটি পরিকল্পিত ভারতীয় অর্থনৈতিক অঞ্চল তৈরির মাধ্যমে তার সফল পরিসমাপ্তি ঘটবে।’
তিনি আদানী পোর্টস এন্ড এসইজেডে এ কর্মকান্ডের অংশীদার হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং বাংলাদেশে ভারতের এবং ভারতে বাংলাদেশের দূতাবাসকে তাদের অকুন্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য এ চুক্তি সইয়ের মাধ্যমে বেজার অর্জনে যুক্ত হচ্ছে আরো একটি মাইলফলক।
উল্লেখ্য, বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ১৬ মার্চ জাপানীজ অর্থনৈতিক স্থাপনের লক্ষ্যে অপর একটি উন্নয়ন চুক্তি সই হয়েছে।
বেজা চট্টগ্রাম জেলার মিরসরাই ও ফেনী জেলার সোনাগাজী উপজেলায় প্রায় ৩০ হাজার একর জমির উপর একটি পূর্ণাঙ্গ শিল্প শহর ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। শিল্প নগরটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হতে মাত্র দশ কিলোমিটার ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম হতে মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত। এ শিল্প নগরে বিশ্ব মানের সব সুবিধাদি থাকবে যেমন- বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সমুদ্র বন্দর, কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা/পানি শোধনাগার, আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল ইত্যাদি। এ লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতায় সংযোগ সড়ক, ভূমি উন্নয়ন ও প্রতিরক্ষা বাঁধ, ব্রিজ নির্মাণ, গ্যাস সংযোগ লাইনসহ বিনিয়োগ বান্ধব সব স্থাপনা নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন