নিজস্ব প্রতিবেদক: বন্দরনগরী চট্টগ্রামের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামীকাল বুধবার। যা চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। গতবারের মতো এবারও লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।
আবেদন করতে হবে যেভাবে–
নির্ধারিত (gsa.teletalk.com.bd) এই লিংকে প্রবেশ করে সরকারি-বেসরকারি স্কুলের ভর্তির অনলাইন আবেদন করতে হবে। ভর্তি তথ্য দেওয়ার পর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি ১১০ টাকা জমা দেয়া যাবে।
অনলাইনে আবেদন সাবমিট করলে প্রার্থীরা ইউজার আইডি পাবেন এবং সেই ইউজার আইডি ব্যবহার করে টেলিটকের প্রিপেইড নম্বরের মাধ্যমে এসএমএসে আবেদন ফি পরিশোধ করা যাবে। ৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ফি জমা দেয়া যাবে।
সরকারি স্কুলে আবেদন যেভাবে-
মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো ৩টি ভিন্ন গ্রুপে বিভক্ত করা হয়েছে। আবেদনের সময় একজন প্রার্থী একই গ্রুপে পছন্দের ক্রমানুসারে ৫টি বিদ্যালয় নির্বাচন করতে পারবেন। এছাড়া সারাদেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনের জন্য থানাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবেন। এক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয় বার পছন্দ করা যাবে না।
বেসরকারি স্কুলে আবেদন যেভাবে-
বেসরকারি স্কুলের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান সংলগ্ন কমপক্ষে একটি এবং সর্বোচ্চ ৩টি থানা ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করা যাবে। এছাড়াও প্রার্থীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনের সময় মহানগর পর্যায়ের জন্য বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলা সদরের সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে। প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দ ক্রমের বিদ্যালয় বা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন