শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

চট্টগ্রাম সিটিতে বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইন শুরু মঙ্গলবার

সোমবার, মার্চ ১৪, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটিতে করোনা ভাইরাসের বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে মঙ্গলবার (১৫ মার্চ) থেকে। দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পরই নেয়া যাবে বুস্টার ডোজ। সোমবার (১৪ মার্চ) চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাক্তার মো. ইলিয়াছ চৌধুরী বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘১৮ বছর ও তদুর্ধ্ব বয়সের নাগরিকরা দ্বিতীয় ডোজ নেয়ার চার মাস পর থেকে বুস্টার ডোজ নিতে পারবেন। করোনা রোধে বিশেষ ক্যাম্পেইনের আওতায় নিয়মিত কেন্দ্র ছাড়াও সিটির চারটি কেন্দ্রে এ কার্যক্রম চলবে। বুস্টার ডোজ গ্রহণে কোন এসএমএস প্রয়োজন হবে না। তবে সাথে আনতে হবে টিকা কার্ড। বিশেষ এ ক্যাম্পেইনের আওতায় সিটিতে দিনে দশ হাজার মানুষকে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’

জানা গেছে, মঙ্গলবার (১৫ মার্চ) বিশেষ টিকাদান কার্যক্রমে এমএ আজিজ স্টেডিয়ামের সিজেকেএস মিলনায়তন ও পার্শ্ববর্তী অফিসার্স ক্লাব কেন্দ্রে বুস্টার ডোজ প্রয়োগ করা হবে। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জিইসি কনভেনশন সেন্টারে কেন্দ্র চালুর পরিকল্পনা থাকলেও এখনো চূড়ান্ত হয়নি।

এ দিকে, গণটিকাদানসহ বিভিন্নভাবে আয়োজনের পরও বাদ পড়ে যাওয়া শিক্ষার্থীদের জন্য ফের টিকা দেয়া শুরু করেছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে সিটির একটি কেন্দ্রে বাদ পড়া শিক্ষার্থীদের টিকা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে।

সিটির চট্টেশ্বরী রোডের চিটাগং গ্রামার স্কুল (ন্যাশনাল কারিকুলাম শাখা) কেন্দ্রে বিশেষ এ ক্যাম্পেইনের মাধ্যমে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছে। সকাল থেকে বিকাল পর্যন্ত তিনটি বুথের মাধ্যমে এ টিকাদান কার্যক্রম চলবে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন