চলমান নিউইয়র্ক ডেস্ক : বর্তমানে চালের ভরা মৌসুম চলছে। মে মাসে মাত্র বোরো ধান কাটা শেষ হয়েছে। এই চালের ভরা মৌসুমেও বাজারে দেদারসে বাড়ছে চালের দাম। এদিকে দাম বাড়ার পেছনে কোন কারণ খুজে পাচ্ছেন না সংশ্লিষ্টরা। তাই চালের দাম ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার মন্ত্রীসভা কমিটির সভায় চাল মজুতকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় বুধবার সারাদেশে একযোগে অভিযান চালায় প্রশাসন।
ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, আগের কম দামে কেনা চাল এখন বেশি দামে বিক্রিসহ নানা অভিযোগে রাজধানীতে পাচটি প্রতিষ্টানে অভিযান চালিয়ে ৩ লাখ বিশ হাজার টাকা জরিমানা করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ৭ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করেছেন।
ভরা মৌসুমে চালের দাম অস্বাভাবিক বৃদ্ধির জন্য স্থানীয় মোকাম, চাতাল ও মিল মালিকদের দুষছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। তারা বলছেন, স্থানীয় পর্যায়ে অতিরিক্ত চাল কিনে মজুত করে সরবরাহ কমিয়ে দেয়া হয়েছে। এতে চাহিদা অনুযায়ী চাল মিলছে না। পেলেও বাড়তি দামে কিনতে হচ্ছে। এতে ভোক্তা পর্যায়ে দাম বেড়ে যাচ্ছে।
বুধবার দুপুর ১২টায় কারওয়ান বাজারের কিচেন মার্কেটে চালের আড়তে ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেন খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মর্জিনা আক্তার। তিনি প্রায় দেড় ঘণ্টা ওই মার্কেটে অবস্থান করে বাজার পরিস্থিতি দেখার চেষ্টা করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের লাইসেন্স ও চালের মজুত পরিস্থিতি যাচাই করেন। তবে বাবুবাজারের মতো কারওয়া বাজারেও অভিযান শুরুর পর দোকান রেখে ব্যবসায়ীদের সরে যেতে দেখা গেছে।
বুধবার দুপুরে ১২টার দিকে রাজধানীর মিরপুরে শাহ স্মৃতি মার্কেটের পাইকারি চালের আড়তে অভিযান শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের শুরুতেই তাইয়্যেবা রাইস এজেন্সিতে অভিযান চালিয়ে দেখা যায়, যেসব চালের দাম বেশি সেগুলোর কোনো মূল্যতালিকা নেই। দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সারাদেশে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে সরকারের বিভিন্ন সংস্থা। নাটোরের সিংড়ায় ৩ গুদামে প্রায় এক হাজার মেট্রিকটন ধান অবৈধ মজুদ রাখার অপরাধে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১লা মে) দুপুর ১টায় উপজেলার কলম বাজারে সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
দিনাজপুরে চালের উর্দ্ধগতি নিয়ন্ত্রনে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ সদরের গোপালগঞ্জে স্কয়ারে গুদামে অভিযান চালায় । অভিযানে ৪০ কোটি ৯৯ লাখ টাকার আতব চাল জব্দ করেন । বুধবার মধ্যরাতে দীর্ঘ ৯ ঘন্টা অভিযান চালিয়ে ৬টি গুদাম থেকে মোট ৫ হাজার ১২৪ মেট্রিক টন আতব চাল জব্দ করা হয় । যার বাজার মুল্য ৪০কোটি ৯৯ লাখ টাকা । এসময় ঐ গুদাম থেকে জাবেদ নামে একজন ম্যানেজার আটকের পর থানায় সোপর্দ করা হয়।
মূল্য তালিকা না থাকা এবং বেশি দামে চাল বিক্রি করার অপরাধে বরিশাল নগরীর চার ব্যবসায়ীকে ৫৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে নগরীর ফরিয়াপট্টির চালের আড়তে এই অভিযান চালিয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া।তিনি জানান, মূল্য তালিকা না টাঙিয়ে অতিরিক্ত দামে চাল বিক্রি করে আসছিল ফরিয়াপট্টির ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এমন অভিযোগের ভিত্তিতে বুধবার সেখানে অভিযান পরিচালনা করলে অভিযোগের সত্যতা পেয়ে মহাদেব ভাণ্ডারকে ৩৫ হাজার টাকা, গৌর নিতাই ভাণ্ডার ২০ হাজার এবং দুই খুচরা চালের দোকানিকে তিন হাজার ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এফআইটি/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন