চলমান ডেস্ক: করোনা ভাইরাস মহামারি যেন থামছেই না। এক ধরণের প্রভাব থামছে তো অন্য ধরণ গ্রাস করছে পৃথিবীকে। টিকা দেওয়ার পর অনেক দেশে যখন সবকিছু স্বাভাবিক হচ্ছে, ঠিক তখনি চীনের একটি শহরে আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে। এতে করে সেখানে চলাচলের ওপর বিধিনিষেধ দিয়ে লকডাউন জারি করা হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শিল্পাঞ্চল চ্যাংচুনের ৯০ লাখ বাসিন্দার ওপর এই লকডাউন দেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়, পরিবারের একজন সদস্য ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না। সেটিও আবার দু’দিন অন্তর। শুধু তাই নয়, শহরবাসীকে তিনটি পর্যায়ে শারীরিক পরীক্ষা করাতে হবে। এ সময়ে জরুরি পরিষেবা ছাড়া বাকি সমস্ত কিছু বন্ধ রাখা হবে।
করোনায় চীনজুড়ে স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে ৩৯৭ জন। তাদের মধ্যে ৯৮ জন চ্যাংচুন শহরলাগোয়া জিলিন প্রদেশের। গত এক সপ্তাহে জিলিন প্রদেশে সংক্রমিত হয়েছেন ১ হাজার ১০০ জন।
চীনা কর্তৃপক্ষ বারবার বলে আসছে, যেকোনো প্রদেশ বা শহরে করোনা ভাইরাসের একাধিক রিপোর্ট পাওয়া গেলে সেখানে লকডাউন জারি করা হবে। করোনা ভাইরাস মহামারি নিয়ে চীনের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এসব পদক্ষেপ নির্দিষ্ট করা হয়েছে।
এদিকে দেশটির বাণিজ্যিক নগরী সাংহাইতেও লকডাউনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। স্থানীয় সময় শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছে সাংহাই প্রশাসন। রাজধানী বেইজিংয়েও কোনও কোনও এলাকায় আংশিক আবার কোনও এলাকায় পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালে চীনের উহান প্রদেশে প্রথমবার করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরপর বিশ্বজুড়ে এই ভাইরাস ছড়িয়ে পড়ে।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন