চলমান ডেস্ক: যুক্তরাষ্ট্রে ২০টি ইন্টারনেট কোম্পানি নিম্ন আয়ের মানুষদের জন্য ছাড়কৃত মূল্যে ইন্টারনেট সেবা দিতে রাজি হয়েছে।
সোমবার (৯ মে) বাইডেন প্রশাসন এ ঘোষণা দিয়েছে। এর ফলে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের দেয়া ভর্তুকির সাথে মিলে কার্যত যুক্তরাষ্ট্র জুড়ে কোটি কোটি পরিবার বিনামূল্যে ইন্টারনেট সেবা পাওয়ার যোগ্য হবে।
গত বছর কংগ্রেসে পাস হওয়া এক ট্রিলিয়ন ডলারের প্যাকেজের মধ্যে অ্যাফর্ডেবল কানেক্টিভিটি প্রোগ্রামের জন্য ১৪ দশমিক দুই বিলিয়ন ডলারের তহবিলও রয়েছে। এ কার্যক্রম লাখ লাখ নিম্ন আয়ের মানুষের ইন্টারনেট সেবার জন্য প্রতি মাসে ৩০ ডলারের ভর্তুকি (উপজাতি এলাকায় ৭৫ ডলার) দেয়।
ইন্টারনেট সেবা প্রদানকারীদের থেকে পাওয়া নতুন এ প্রতিশ্রুতির ফলে প্রায় চার কোটি ৮০ লাখ পরিবার মাসে ৩০ ডলারে ১০০ মেগাবিট প্রতি সেকেন্ড বা তার বেশি গতির ইন্টারনেট সংযোগের জন্য যোগ্য বিবেচিত হবে। এতে করে তাদের ইন্টারনেট পরিষেবাটি সরকারী ভর্তুকি দিয়েই পুরোপুরি পরিশোধ হয়ে যাবে, যদি তারা কার্যক্রমে অংশ নেওয়া কোন সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে সংযোগটি নেন।
নির্বাচনের প্রচারণা ও পরিকাঠামো আইনটির পক্ষে প্রচারণার সময়ে জো বাইডেন গ্রামীণ ও নিম্ন আয়ের এলাকায় ইন্টারনেটের সহজলভ্যতার বিস্তারকে অগ্রাধিকার হিসেবে গণ্য করেন। তিনি বার বারই নিম্ন আয়ের পরিবারগুলোর কথা বলেছেন, যাদের নির্ভরযোগ্য ওয়াই-ফাই পেতে বেগ পেতে হয়েছে।
করোনা ভাইরাস অতিমারীর শুরুর দিকে এসব পরিবারের শিশুদের ভার্চুয়ালভাবে পড়াশোনা চালাতে ও হোমওয়ার্ক করতে এমন নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন