শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

ছয় রাজ্যে ড্রোনের মাধ্যমে পণ্য ডেলিভারি দেবে ওয়ালমার্ট

বুধবার, মে ২৫, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: যুক্তরাষ্ট্রের খুচরা পণ্য বিক্রির সবচেয়ে বড় প্রতিষ্ঠান গ্রাহকদের অর্ডার দেয়া পণ্য পৌঁছে দিচ্ছে ড্রোনের মাধ্যমে। যদিও তারা বেশ আগে থেকেই এ সেবাটি দিয়ে আসছিল, তবে এবার যুক্তরাষ্ট্রের ছয়টি রাজ্যে সেবাটি বিস্তৃত করে তাক লাগিয়ে দিয়েছে ওয়ালমার্ট।

এখন থেকে যুক্তরাষ্ট্রের আরিজোয়ানা, আরকানাস, ফ্লোরিডা, টেক্সাস, উতাহ ও ভার্জিনিয়ার কোন বাসিন্দা ওয়ালমার্টের পণ্য অর্ডার করলে ড্রোনের মাধ্যমে ৩০ মিনিটের মধ্যে পণ্য পৌঁছে যাবে গ্রাহকের কাছে।

বর্তমানে এসব রাজ্যে ওয়ালমার্টের ৩৭টি স্টোর রয়েছে, যার মধ্যে ৩৪টি স্টোরে ড্রোনের মাধ্যমে ডেলিভারির সেবা দেয়া হয়ে থাকে।

মঙ্গলবার (২৪ মে) ওয়ালমার্ট তাদের এক ব্লগ পোস্টের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে। এর আগে ওয়ালমার্ট পরীক্ষামূলকভাবে আরকানাসের উত্তর-পশ্চিমাঞ্চলে ও উত্তর ক্যারোলিনায় প্রথম বারের মত এ সেবার সূচনা করেছিল।

ধারণা করা হচ্ছে, ওয়ালমার্টের এ দ্রুততম ও অভিনব পন্থা গ্রাহকদের কাছে প্রতিষ্ঠানটিকে আরো জনপ্রিয় করে তুলবে। এতে করে ওয়ালমার্টে বাজারে আরেক ই-কমার্স জায়েন্ট আমাজনকে টেক্কা দিতে পারবে।

করোনার সময়ে স্বাস্থ্যবিধি মেনে পণ্য ডেলিভারি সেবা দেয়ায় ওয়ালমার্টের এ ড্রোন সার্ভিস সারা পৃথিবীতে সাড়া ফেলতে সক্ষম হয়। বর্তমানে সমগ্র যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টের চার হাজার ৭০০টি আউটলেট রয়েছে। অনেক ভোক্তাই এসব স্টোর ও আউটলেট থেকে দূরে থাকেন।

একটি সমীক্ষায় দেখা গেছে, ৯০ ভাগ আমেরিকান ওয়ালমার্টের স্টোরগুলো থেকে কমপক্ষে দশ মাইল দূরে থাকেন। এতে করে ড্রোন ছাড়া আধ ঘণ্টার মধ্যে পণ্য গ্রাহকের হাতে পৌঁছে দেয়া প্রায় অসম্ভব। যেসব গ্রাহক ওয়ালমার্টের ড্রোন ডেলিভারির আওতায় আছেন, তারা চাইলেই সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত পণ্য অর্ডার দিতে পারবেন। এ ক্ষেত্রে পণ্যের ওজন দশ পাউন্ডের মধ্যে হতে হবে। প্রতিটি ড্রোন ডেলিভারির ক্ষেত্রে ওয়ালমার্ট চার্জ নির্ধারণ করেছে তিন দশমিক ৯৯ ডলার।

ওয়ালমার্টের নতুন এ ড্রোন ডেলিভারি সার্ভিসে চার মিলিয়ন পরিবার সুবিধা পাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন