শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক : জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, আইনের শাসনসহ আগামী জাতীয় নির্বাচনের বিষয় নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিকেল ৫টা থেকে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন তাঁরা।

বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত সাংবাদিকদের বলেন, আমাদের মধ্যে তো অনেক মিউচুয়াল ইন্টারেস্ট আছে। দ্বি-পাক্ষিক সম্পর্ককে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা, গণতন্ত্র, মানবাধিকার, বাংলাদেশে আইনের শাসন- ইত্যাদি সব কিছু নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্রের বিষয়ে রাষ্ট্রদূত কী বলেছেন জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র সম্পর্কে বিশ্বব্যাপী সবাই অবগত। এখানে নতুন করে বলার কিছু নেই। এগুলো নিয়ে বিশ্বব্যাপী আলোচনাও হচ্ছে, এটা তো আপনারা জানেন। এসব ব্যাপারে তারা কনসার্ন। বাংলাদেশের বিষয় নিয়ে বিশ্বব্যাপী যে আলোচনা হচ্ছে উনারা (জামার্নি) তো তার একটা অংশ। ইউরোপীয় ইউনিয়ন বলছে, আমেরিকা বলছে, ব্রিটেন বলেছে, সবাই বলছে। ’

আগামী নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে কি না-জানতে চাইলে আমীর খসরু বলেন, নির্বাচন বাদে তো কোনো আলোচনা হতে পারে না। কারণ আগামী নির্বাচনের বিষয়ে সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। স্বাভাবিকভাবে তারা জানতে চেয়েছেন, আগামী নির্বাচনে বাংলাদেশ কোথায় যাচ্ছে? সবার চোখ তো বাংলাদেশের দিকে। আগামী নির্বাচনে কী হতে যাচ্ছে? জার্মানিও চোখ রাখছে, তারাও দেখতে চাচ্ছে আগামী দিনে বাংলাদেশের নির্বাচন কোথায় যায়?

বৈঠক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবরও জার্মানির রাষ্ট্রদূত নিয়েছেন বলেও জানান আমীর খসরু। তিনি বলেন, চেয়ারপারসন কেমন আছেন উনি খোঁজ-খবর নিয়েছেন। চেয়ারপারসনের বিষয় তো সবাই অবগত আছেন। তার জেলে থাকার পেছনে যে কারণ, তা সবারই তো জানা আছে।

এফআইটি/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন