হারারে, জিম্বাবুয়ে: আঙুলের ইনজুরিতে চলমান জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের টি-২০ অধিনায়ক নুরুল হাসান সোহান। ফলে জিম্বাবুয়ে সফরে তৃতীয় ও শেষ টি-২০ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না সোহান।
রোববার (৩১ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০তে পেসার হাসান মাহমুদের বোলিংয়ে কিপিংয়ের সময় বাঁ-হাতের তর্জনিতে চোট পান সোহান। ম্যাচ শেষে সোহানের আঙুলের এক্স-রে করানো হয়। এক্স-রে রিপোর্টে সোহানের আঙুলে চিড় ধরা পড়ে। ফলে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন সোহান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি।
তিনি বলেন, ‘আমরা এক্স-রে করেছি, তাতে সোহানের তর্জনীতে চিড় ধরা পড়েছে। এ ধরনের চোট থেকে সেরে উঠতে তিন সপ্তাহের মত সময় লাগে। তাই মঙ্গলবার (১ আগস্ট) শেষ টি-২০ ও আসন্ন ওয়ানডে সিরিজে তাকে পাওয়া যাবে না।’
জিম্বাবুয়ে সফরে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল সোহানের। টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১৭ রানে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় টি-২০তে সাত উইকেটে জিতে সিরিজে সমতা আনে টাইগাররা।
মঙ্গলবার (২ আগস্ট) তৃতীয় ও শেষ টি-২০তে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রেস বার্তা



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন