চলমান ডেস্ক: মিত্রদের সাথে কন্ঠ মিলিয়ে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কথা উল্লেখ করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তিনি এ বছরের জি-২০ সম্মেলনে ভ্লাদিমির পুতিনকে দেখতে চান না।
বৃহস্পতিবার (৩১ মার্চ) ট্রুডো বলেছেন, তিনি এ বছরের সম্মেলনের আয়োজক ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে তার অভিমত জানিয়েছেন।
তিনি বলেন, পুতিনের উপস্থিতি ‘আমাদের জন্য ‘ভিন্নতর কঠিন জটিলতা তৈরি করবে এবং এটি জি-২০ জন্য ফলপ্রসু হবে না।’
অটোয়ায় তিনি সাংবাদিকদের বলেন, ‘কানাডাসহ অনেক দেশের জন্য এটি একটি বড় সমস্যা হবে।’
জাস্টিন বলেন, ‘জি-২০ শীর্ষ সম্মেলনের লক্ষ্য হচ্ছে ‘আমরা কীভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিচালনা ও প্রবৃদ্ধি জোরদার করব এর উপায় নির্ধারণ করা।’
ট্রুডো আরো বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে বিশ্বের সবার অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হয়েছে এবং আমরা কীভাবে ইউক্রেনে রাশিয়ার অবৈধ আগ্রাসনের ফলে সৃষ্ট সংকটকে মোকাবেলা করব, রাশিয়া সেই গঠনমূলক আলোচনার অংশীদার হতে পারে না।’
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর গ্রুপ জি-২০ থেকে বাদ দেয়া সমর্থন করেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, বালিতে অনুষ্ঠিতব্য গ্রুপের শীর্ষ সম্মেলনে পুতিনকে বাধা দেয়া উচিত।
গত সপ্তাহে রাশিয়ার একজন দূত জাকার্তায় বলেছেন, পুতিন জি-২০ সম্মেলনে যোগ দিতে চান। কিন্তু জি-২০ জোটের সব সদস্য রাষ্ট্র এ বিষয়ে সিদ্বান্ত নিবে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন