শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

টাগবোট পেল চট্টগ্রাম বন্দর, সার্ভিস জেটি ও সুইমিংপুলসহ পাঁচ স্থাপনা উদ্বোধন

রবিবার, জানুয়ারী ২, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 2022 01 02T201147.845 1

চট্টগ্রাম: চট্টগ্রামে বন্দরে নতুন নির্মিত সার্ভিস জেটি ও নতুন সংগৃহিত টাগবোটের উদ্বোধন করা হয়েছে। একই সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) কর্তৃক নতুন নির্মিত নিউমুরিং কনটেইনার ওভারফ্লো ইয়ার্ড, নতুন নির্মিত সুইমিংপুল কমপ্লেক্স, বাস্কেটবল গ্রাউন্ড ও টেনিস কোর্টেরও উদ্বোধন করা হয়েছে।

রোববার (২ জানুয়ারি) সকালে এসব স্থাপনার উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন।

প্রায় ১৪ বছর পর চট্টগ্রাম বন্দরে নতুন একটি সার্ভিস জেটি চালু করা হল। কর্ণফুলী নদীর তীরে সিটির আগ্রাবাদ বারিক বিল্ডিং এলাকায় এক নম্বর জেটির উজানে এ জেটি নির্মাণ করা হয়েছে। সার্ভিস জেটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৮৩ কোটি টাকা। জেটিতে ২২০ মিটার দৈর্ঘ্য ও ২০ মিটার প্রস্থের পাঁচ মিটার ড্রাফটের (গভীরতা) ১০০ মিটার লম্বা দুইটি জাহাজ একসঙ্গে ভিড়তে পারবে। চট্টগ্রামে বন্দরের এক নম্বর গেইট সংলগ্ন সার্ভিস জেটির উদ্বোধন করা হয়।

নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাসেও এ জেটি ব্যবহার করা যাবে। নতুন সার্ভিস জেটি চালু হওয়ায় বন্দরের মালিকানাধীন বিভিন্ন জাহাজের সুরক্ষা ও বন্দরের অপারেশনাল কার্যক্রমে গতি আসবে। বন্দরের উদ্ধারকারী জাহাজ, টাগবোট, জরিপ জাহাজ, আউটার থেকে বিদেশি জাহাজগুলোকে জেটিতে আনার দায়িত্বে থাকা পাইলটদের বোট, ফায়ার ফাইটিং বোট, পানি সরবরাহকারী জাহাজসহ প্রয়োজনীয় সকল জাহাজ সার্ভিজ জেটি ব্যবহার করবে।

প্রতিমন্ত্রী সার্ভিস জেটিতে চবকের জন্য নতুন সংগৃহিত টাগবোট উদ্বোধন করেন। বন্দরে আগত বড় বাণিজ‍্যিক জাহাজগুলোর নিরাপদ বার্থিং/আনবার্থিংয়ে সহায়তা করা টাগবোটের মূল কাজ।

নিউমুরিং কনটেইনার ওভারফ্লো ইয়ার্ডটি কনটেইনার হ‍্যান্ডলিংয়ের সুবিধা বৃদ্ধির যুগোপযোগি চাহিদা মিটাবে। ইয়ার্ডটির আয়তন ৯০ হাজার ৫২১ বর্গমিটার। এটি নির্মাণে ব‍্যয় হয়েছে ১৭৬ কোটি টাকা। সুইমিংপুল কমপ্লেক্স নির্মাণে ব‍্যয় হয়েছে প্রায় ১৬ কোটি টাকা। টেনিস কোর্ট ও বাস্কেটবল গ্রাউন্ড নির্মাণে ব‍্যয় হয়েছে তিন কোটি ৩৩ লাখ টাকা।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন