শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

টিসিবির লম্বা লাইন ৭৪‘এর লঙ্গরখানার কথা স্মরণ করিয়ে দিচ্ছে

বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, ‘৭৪‘এর লঙ্গরখানার
লম্বা লাইনের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আজকের টিসিবির লম্বা লাইন। আওয়ামী লীগের চরিত্র ঠিক আগের মতই আছে। তখন মানুষ দ্রব্যমূল্য নিয়ে হিমশিম খেয়েছে, এখনো তাই। পার্থক্য শুধু এখন ডিজিটাল চুরি। দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।’

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে সিটির নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় হাবিব-উন-নবী খান সোহেল আরো বলেন, ‘প্রয়াত জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েই বসে থাকেন নাই, রণাঙ্গণে যুদ্ধ করে স্বাধীন করেছিল প্রিয় মাতৃভূমি। এ দেশের ইতিহাস এখন আইন আদালত কর্তৃক নির্ধারিত হয়। কোন দেশের প্রকৃত ইতিহাস কখনই আদালত কর্তৃক নির্ধারণ করা যায় না। আমাদের সংসদে আজ গরীব দু:খী মানুষের ভাগ্য উন্নয়নের আলোচনার পরিবর্তে গান বাজনা হয়। আমাদের বিনা ভোটের এমপি-মন্ত্রীদের কথাবার্তা দেশবাসীর হাসির খোরাক।’

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন টেইক ব্যাক বাংলাদেশ। যেই বাংলাদেশে স্বাধীন বিচার ব্যবস্থা ছিল, সাধারণ মানুষের কথা বলার অধিকার ছিল, মানুষের ভোটের অধিকার ছিল, শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ছিল, দেশের মানুষ নিরাপদ ছিল, সেই বাংলাদেশকে আমাদের ফিরিয়ে আনতে হবে। এ জন্য আন্দোলন সংগ্রামের বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে প্রস্তুতি নিতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের মৌলিক অধিকার, ভাতের অধিকার, ভোটের অধিকার আওয়ামী মাফিয়া সরকার হরণ করেছে। মানুষের গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার সর্বোপরি ভোটাধিকার ফিরিয়ে আনতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে গণজোয়ার সৃষ্টি ছাড়া কোন বিকল্প নেই। আওয়ামী লুটপাটে দেশবাসী আজ দিশেহারা। দেশের মানুষের কষ্টের সীমা নেই। অন্য দিকে, ক্ষমতাসীন গোষ্ঠী কানাডায় বেগমপাড়া নির্মাণে ব্যস্ত।’

তিনি এ সময় যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর আন্দোলন সংগ্রামের জন্য রাজপথের লড়াই সামনে থেকে নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন।

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ‘সোনার বাংলা আজ মুক্তিযোদ্ধায় ভরে গেছে। ডিজিটাল আওয়ামী মেশিনের সুফল আজ ঘরে ঘরে। স্বাধীনতার পর এ দেশ যেমন দুর্বৃত্তায়নে ভরে গিয়েছিল, সেই অবস্থা এখন ফের বিরাজ করছে। ব্যাংক লুঠের ইতিহাস এ দেশের মানুষের অজানা নয়। আজকে রাষ্ট্রের এমন কোন সেক্টর পাওয়া যাবে না, যেখানে দুর্নীতি ভর করেনি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পাঁচ বছর পর পর ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনের স্বপ্ন নিয়েই মুক্তিযুদ্ধ করেছিলেন এ দেশের আপামর জনসাধারণ। সেই বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন আজ লুণ্ঠিত। আজ মানুষের ভোটের অধিকার লুণ্ঠিত। দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতি থেকে সরানোর রাষ্ট্রীয় ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।’

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান মাসুদ।

বক্তব্য দেন উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এসএ মুরাদ চৌধুরী।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন