নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নির্বাচনের আগে তাকে জিততে হবে রিপাবলিকান পার্টির প্রার্থী হতে প্রাইমারীতে জিততে হবে। আর সেখানে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বি হওয়ার জোর গুঞ্জন রয়েছে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের। এমনটা হলে রনকেই সমর্থনের ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী, টুইটারের স্বত্বাধিকারী ইলন মাস্ক।
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নিজের রাজনৈতিক পছন্দের কথা শনিবার টুইটারে বলেছেন মাস্ক। ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফেরত দেওয়া নিয়েও তিনি কথা বলেছেন।
টুইটারের নতুন মালিক মাস্ক বলেন, ২০২৪ সালে প্রেসিডেন্ট পদে আমার পছন্দ একজন বিবেকবান ও মধ্যপন্থী মানুষ। আমি আশা করেছিলাম বর্তমান বাইডেন প্রশাসনের ক্ষেত্রে তেমনটা হবে। কিন্তু তারা চরমভাবে হতাশ করেছে।
মাস্কের এমন টুইটের পরিপ্রেক্ষিতে একজন টুইটার ব্যবহারকারী প্রশ্ন করেন, ‘ইলন, আপনি কি ২০২৪ সালে রন ডিস্যান্টিসকে সমর্থন করবেন?’
টুইটার ব্যবহারকারীর এই প্রশ্নের জবাবে মাস্ক ‘হ্যাঁ’ বলে জবাব দেন।
রন রিপাবলিকান পার্টির উদীয়মান তারকা। তাকে ট্রাম্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ মনে করা হচ্ছে।
মাস্ক সম্প্রতি একটি অনলাইন জরিপ পরিচালনার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। জরিপে সংখ্যাগরিষ্ঠ ভোটার ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট খুলে দেওয়ার পক্ষে ভোট দেন। তবে ভোটের ব্যবধান ছিল অল্প।
মাস্কের এই পদক্ষেপকে স্বাগত জানান ট্রাম্প। তবে তিনি টুইটারে ফিরে আসার বিষয়টি প্রত্যাখ্যান করেন।
ট্রাম্প গত সপ্তাহে ঘোষণা দেন, তিনি ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই লক্ষ্যে তিনি ইতিমধ্যে মার্কিন ফেডারেল নির্বাচন কমিশনে কাগজপত্র দাখিল করেছেন।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন