ঢাকা: ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির দশ নেতাকর্মীর পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রতি জনের পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) ঢাকার নয় নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। অন্য দিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিএনপির ১৪ নেতাকর্মীকে মামলা থেকে মুক্তি দেয়া হয়েছে।
জানা যায়, ২০১৩ সালে বিএনপিসহ ১৮ দলের ডাকা হরতাল-অবরোধে ভাষানটেক থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তাদের এ দণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সুমন চন্দ্র, জসিম, আমিনুল, সোহেল, কাউছার, জুয়েল, আব্দুর রহমান, শহীদ, মহসিন ও লিটন।
আর মুক্তিপ্রাপ্তরা হলেন ইসমাইল, আজাদ, বকুল হোসেন, নজরুল ইসলাম, নাডু জামান, আব্দুল কালাম, জিলাফি বাচ্চু, বিকু জামান, জলিল ইসলাম, ফিরোজ, শামীম, কালা বাচ্চু, আলতাফ হোসেন ও সিরাজুল ইসলাম।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ভাষানটেক মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় ভাষানটেক থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। ২০১৪ সালের ৩১ মার্চ আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন ভাষানটেক থানার উপ-পরিদর্শক এবিএম আসাদুজ্জামান। মামলায় বিভিন্ন সময় জন আদালতে সাক্ষ্য দেন।
এ ব্যাপারে ট্রাইব্যুনালের রাষ্ট্র পক্ষের কৌঁসুলি ওবাদুল হক ও কারিমা আক্তার গণ মাধ্যমকে বলেন, ‘বিএনপিসহ ১৮ দলের ডাকা হরতাল-অবরোধের সময় আসামিরা ভাষানটেক মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। আসামিরা বিএনপির নেতাকর্মী।’
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন