শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

তাইওয়ানে ন্যান্সি পেলোসি, চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধের আশঙ্কা

বুধবার, আগস্ট ৩, ২০২২

প্রিন্ট করুন

চলমান নিউইয়র্ক ডেস্ক : চীনের তরফে দেওয়া বারবারের হুঁশিয়ারি উপেক্ষা করে তাইওয়ানে পৌঁছেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তাকে বহনকারী ফ্লাইটটি তাইপে বিমানবন্দরে অবতরণ করেছে। একই সময়ে তাইওয়ান উপত্যকা ও পূর্ব উপকূলের আকাশসীমা বন্ধ করে দিয়েছে চীন।

তাইওয়ানকে নিজেদের অংশ বিবেচনা করা বেইজিং এই সফরের ‘মারাত্মক পরিণতির’ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র উস্কানিমূলক পদক্ষেপ নিচ্ছে যা তাইওয়ান প্রণালী জুড়ে উত্তেজনা বাড়াতে পারে। তাদের অবশ্যই এর সম্পূর্ণ দায় নিতে হবে। চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থকে ক্ষুন্ন করার জন্য যুক্তরাষ্ট্র অবশ্যই দায় বহন করবে এবং মূল্য দিতে হবে’।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ মিডিয়া বিবিসির খবরে বলা হয়েছে, চীনা যুদ্ধবিমান তাইওয়ান উপত্যকা পার করা শুরু করেছে। এই বিমানগুলো এসইউ-৩৫ বলে খবর পাওয়া যাচ্ছে। এদিকে তাইওয়ানে পৌঁছেই টুইট বার্তা দিয়েছেন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি বলেন এই সফরের মধ্য দিয়ে তার প্রতিনিধি দল তাইওয়ানের গতিশীল গণতন্ত্রের প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।

টুইট বার্তায় পেলোসি আরও লেখেন, ‘তাইওয়ানের ২ কোটি ৩০ লাখ মানুষের সঙ্গে আমেরিকার সংহতি আজ আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ” এবং তার সফর “কোনও ভাবেই যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী নীতির বিরোধিতা করে না’।

তাইওয়ানের সংবাদমাধ্যম তাইওয়ান নিউজ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টা ৪৪ মিনিটে পেলোসি এবং তার কংগ্রেস প্রতিনিধিদল ইউএস এয়ার ফোর্সের বোয়িং সি-৪০সি তে করে তাইপেই সোনশান বিমানবন্দরে পৌঁছান।

বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট এওয়ারের দেওয়া তথ্য অনুযায়ী, সি-৪০সি প্রথমে সিঙ্গাপুরের পায়া লেবার এয়ার বেস থেকে সকাল ৯টা ৪৮ মিনিটে টায় উড্ডয়ন করে এবং কুয়ালালামপুর সফরের জন্য মালয়েশিয়ার সুবাং জায়াতে সকাল ১০টা ৩৩ মিনিটে অবতরণ করে। বিকাল৩টা ৪২ মিনিটে পেলোসির বিমান দক্ষিণ চীন সাগর এড়াতে ইন্দোনেশিয়ার বোর্নিও অঞ্চল হয়ে পূর্ব দিকে উড়েছিল। সন্ধ্যা ৬ টা ২৬ মিনিটে বিমানটি ইন্দোনেশিয়ার সুলাওয়াসি দ্বীপের টলি টলিতে অবতরণ করে। 

ঠিক এক ঘন্টা পরে সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে পেলোসির বিমানটি আবার উড্ডয়ন করে এবং মিন্দানাওর ফিলিপাইন দ্বীপের উপকূল থেকে উত্তর-পূর্ব দিকে উড়ে যায়। এটি তখন উত্তর-পূর্ব দিকে মোড় নেয় এবং ফিলিপাইনের পূর্ব উপকূল ধরে উড়তে থাকে। ফ্লাইটের শেষ পর্যায়ে, বিমানটি যখন তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টির কাছাকাছি আসে, তখন এটি উত্তর তাইওয়ানের পূর্ব উপকূলে মোড় নেয়।

এফআইটি/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন